ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর বাসনভাঙ্গার চর এলাকা থেকে অস্ত্রসহ ৩ দস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি দা ও ২টি ছুরি উদ্ধার করা হয়।
সোমবার ভোর ৪টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ইয়াসিনের ছেলে মানিক (৩০), একই এলাকার হাফেজ মাঝির ছেলে মনজু (৩২) ও খোরশেদ আলীর ছেলে ইলিয়াস (৩০)।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, পুলিশের একটি দল মেঘনায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় মেঘনার বাসনভাঙ্গার চর এলাকায় ১০/১২ জনের একটি ডাকাতদল জেলেদের নৌকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
টহল পুলিশ দস্যুদের দেখে ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ৩ দস্যুকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃত দস্যুদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও ওসি জানান।
এ ব্যাপারে তজুমদ্দিন থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর