 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: বিমান বাঁচাও ঐক্য পরিষদের আহবায়ক ও বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমানকে শোকজ করা হয়েছে। প্রতিবাদে বিমান বাঁচাও ঐক্য পরিষদ নেতাকর্মীরা সোমবার দুপুরে বলাকার (বিমানের প্রধান কার্যালয়) সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
বিমানের কোম্পানি সচিব ফজলুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগে বৃহস্পতিবার তাকে শোকজ করা হয়। ৯৬ ঘণ্টার মধ্যে তাকে এ শোকজের জবাব দিতে বলা হয়েছে।
মশিকুর রহমানের নেতৃত্বে বিমান বাঁচাও ঐক্য পরিষদ রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। বিমান সংশ্লিষ্টরা বলছেন, চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন দমন করতেই মশিকুর রহমানকে শোকজ করা হয়েছে।
গত ৫ মার্চ থেকে বিমান বাঁচাও ঐক্য পরিষদ জামাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। মার্চ মাস জুড়েই তারা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, অবস্থান কর্মসূচি, কর্মবিরতিসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেন।
আন্দোলনের এক পর্যায়ে ঐক্য পরিষদ নেতারা সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয়। এরই পরিপ্রেক্ষিতে বিমান মন্ত্রী ফারুক খান পরিষদ নেতাদের ডেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা ধর্মঘট স্থগিত করে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
আইএইচ/সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটরjewel_mazhar@yahoo.com