 |
ঢাকা: এক আফগান সেনার গুলিতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর ৫ সেনা আহত হয়েছে।
বুধবার আফগানিস্তানে মোতায়েনকৃত ন্যাটো বাহিনী এক বিবৃতিতে এই ঘটনার কথা স্বীকার করে। আহত সেনাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
ন্যাটো বাহিনীর মুখপাত্র কর্নেল জিমি কামিংস বলেন, মঙ্গলবার আফগান সেনার পোশাক পরিহিত এক ব্যক্তি ন্যাটো সেনাদের ওপর গুলি চালানো শুরু করলে ৫ সেনা আহত হয়। আহত সেনাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহত সেনাদের জাতীয়তা সম্পর্কে কিছু জানাননি তিনি।
এদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি এর সত্যতা নিশ্চিত করে জানান, রাজধানী কাবুলের দক্ষিণে অবস্থিত ময়দান ওয়ারদাক প্রদেশে এ ঘটনা সংঘটিত হয়।
প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে এ ঘটনা ঘটে বলে জানান তিনি। ন্যাটো ও আফগান উভয় বাহিনীই ঘাঁটিটি ব্যবহার করে থাকে। হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। তবে এ ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত রোববারও অনুরুপ এক হামলার ঘটনায় আফগান পুলিসের পোশাক পরিহিত বন্দুকধারীর গুলিতে তিন ব্রিটিশ সেনা নিহত হয়।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর