ঢাকা: বিজয়ের মাস ডিসেম্বরে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শনিবার সন্ধ্যায় বৈঠক করেছেন।
বৈঠকে জামায়াত-শিবিরের তাণ্ডব রুখে দাঁড়াতে বিজয়ের মাস ডিসেম্বর থেকে স্বাধীনতার মাস মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
গত ১৬ নভেম্বর দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহীত কর্মসূচি সমন্বয় করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দলের কার্যনির্বাহী সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমকে।
এরই অংশ হিসেবে ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচির প্রস্তুতি নিতে দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজয়ের মাস ডিসেম্বরে সমাবেশ, ৠালি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি থাকবে। কর্মসূচিতে রাজনৈতিক কর্মীদের পাশাপাশি মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষকে কিভাবে সম্পৃক্ত করা যায়, সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে বলে সভায় উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার মধ্য দিয়ে ধারাবাহিক কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব প্রস্তুতির জন্য আরো বৈঠক হবে বলে জানান নেতারা।
সভায় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, মৃণাল কান্তি দাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২
এসকে/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর