চট্টগ্রাম: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা নুরুল বাহারকে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি ও লাঞ্ছিত করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার নুর মোহাম্মদের নেতৃত্বে সন্ত্রাসীদের একটি টিম বিদ্যালয় চলাকালীন সময়ে এ ঘটনা ঘটিয়েছে। এ সময় সন্ত্রাসীরা ওই শিক্ষককে এক সপ্তাহের মধ্যে বিদ্যালয় থেকে চলে না গেলে মেরে ফেলবেন বলে হুমকি দেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল বাহার সাংবাদিকদের বলেন, ‘‘বৃহস্পতিবার দুপুরে স্কুল চলাকালে বিদ্যালয়ে এসে নূর মোহাম্মদ ও জয়নাল আবেদীনের নেতৃত্বে একদল সন্ত্রাসী কিছু না বলেই ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়। এসময় অন্য শিক্ষকরা আমাকে উদ্ধার করেন।’’
‘এক সপ্তাহের মধ্যে বিদ্যালয় ছেড়ে চলে না গেলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে যায় তারা।’’
তিনি জানান, এক নারী শিক্ষকের সঙ্গে অশোভন আচরণ করায় সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের প্রধান শিক্ষক রহমত উল্লাহ দেওয়ানকে সাময়িক বরখাস্ত করেন। সন্ত্রাসীরা প্রধান শিক্ষক রহমত উল্লাহ দেওয়ানের অনুসারী বলে এলাকায় পরিচিত।
রহমত উল্লাকে বরখাস্ত করায় ক্ষুব্ধ হয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল বাহারকে সন্ত্রাসীরা লাঞ্ছিত করেছে, বলে আমাকে মোবাইলে জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।’’
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘন্টা, আগস্ট ০২, ২০১২
এমইউ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর