ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নির্দেশের প্রায় দেড় বছর পর মার্জিন ঋণ নীতিমালা সংশোধনের পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
মঙ্গলবার এসইসি’র ৪৩৭তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসইসির সিদ্ধান্তমতে, অর্থমন্ত্রীর নির্দেশের পর বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) পক্ষ থেকে দেওয়া মার্জিন ঋণ সংক্রান্ত সুপারিশের প্রেক্ষিতে এসইসির নির্বাহী পরিচালক রুখসানা চৌধুরীকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে গত ২৩ জানুয়ারি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি মার্জিন ঋণ প্রদানের জন্য একটি দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়নের সিদ্ধান্তও নেওয়া হয়। বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনেও মার্জিন ঋণের নীতিমালার বিষয়টি উল্লেখ করা হয়।
মার্জিন ঋণ নীতিমালার বিষয়ে এসইসিকে দেওয়া বিএমবিএ’র প্রস্তাবনায় বলা হয়, ঋণ নিয়ে কেনা শেয়ারের দর নির্ধারিত পর্যায়ের নিচে নেমে গেলে দু’দফা মার্জিন কলের পর জোর করে শেয়ার বিক্রি (ফোর্সড সেল) প্রস্তাব করেছে। সেক্ষেত্রে ঋণের টাকায় কেনা শেয়ারের দর গ্রাহকের মোট ইক্যুয়িটির ৫০ শতাংশের নিচে নেমে গেলে প্রথম দফায় এবং ৭০ শতাংশের নিচে নেমে গেলে দ্বিতীয় দফা মার্জিন কলের প্রস্তাব করা হয়েছে। প্রথম কলের পর গ্রাহক নতুন করে টাকা জমা বা শেয়ার বিক্রি করে ঋণ শোধ না করলেই কেবল দ্বিতীয় দফায় কল দেওয়া হবে। এরপরও গ্রাহক সাড়া না দিলে এবং শেয়ারের দর ইক্যুয়িটির ৮০ শতাংশের নিচে নামলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ফোর্স সেল করতে পারবে বলে প্রস্তাবে বলা হয়েছে।
জানা গেছে, নীতিমালা চূড়ান্ত হওয়ার পর শেয়ারের বিপরীতে মার্জিন ঋণ বিতরণের ক্ষেত্রে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের উপর কোন রকম হস্তক্ষেপ করবে না এসইসি। নীতিমালা মেনে এসব প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের মার্জিন ঋণ দেবে। এক্ষেত্রে কোম্পানির শেয়ারের বিপরীতে ঋণ পাওয়ার যোগ্যতা এবং ঋণের হার নির্ধারণের এখতিয়ার মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের উপর ছেড়ে দেওয়া হবে।
এর আগে ২০১০ সালে বাজার অতিমূল্যায়িত হওয়ার সময় ও এর পরবর্তী সময়ে পুঁজিবাজারে ধস ঠেকাতে মার্জিন ঋণের হার বেশ কয়েক দফা পরিবর্তন করে এসইসি। এক হিসেবে দেখা যায়, ২০১০ সালে এসইসি ১২ বার মার্জিন লোন নীতিমালা পরিবর্তন করে।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুন ২৬, ২০১২
এইচএমএম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর