 |
লন্ডন: অলিম্পিক পার্কে দর্শনার্থীদের ভিড় বাড়ছেই। ২৭ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকে এপর্যন্ত প্রায় ২০ লাখের বেশি দর্শক অলিম্পিক পার্ক পরিদর্শন করেছেন।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট দল বেঁধে উপভোগ করছে সাধারণ মানুষ। ভেন্যুর পাশাপাশি বড় বড় স্ক্রিনে অ্যাথলেটদের পারফরমেন্স দেখছেন বিপুল পরিমাণ দর্শক।
লন্ডন অলিম্পিক ২০১২’র লাইভ সাইটগুলো বড় পর্দায় খেলা দেখার সুযোগ করে দিয়েছে মানুষের জন্য। আয়োজক কমিটির দাবি, এই মাধ্যমে প্রায় ২.৭ মিলিয়ন দর্শক খেলা দেখেছেন। গত ৪ আগস্ট ব্যস্ততম দিনেও দর্শকের সংখ্যা ছিলো প্রায় তিন লাখ ৫০ হাজার। ২২টি সাইট ইংল্যান্ড জুড়ে তাদের সাইটে খেলা দেখার জন্য ব্যাপক প্রচার চালিয়েছে। দর্শক টানতে খেলার পাশাপাশি নাচ-গান উপভোগের সুব্যবস্থা আছে বলে বিজ্ঞাপনও দিচ্ছে সাইট কর্তৃপক্ষ।
হাজার হাজার প্রত্যক্ষদর্শী লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে খেলা দেখেছেন। স্ট্রিটস অব সেন্ট্রাল লন্ডন জানিয়েছে, প্রায় ১ লাখ ৬০ হাজার দর্শক প্রত্যক্ষ করেছেন প্রথম ব্রিটিশ অ্যাথলেট হিসেবে পুরুষের ট্রায়াথলন ইভেন্টে আলিস্টার ব্রাউনলির স্বর্ণ ও তার ভাই জনির ব্রোঞ্জপদক জয়ের মুহূর্তটি। এছাড়া প্রায় এক লাখ ২০ হাজার দর্শক মহিলা ম্যারাথন ও ৬০ হাজার দর্শক রাস্তায় দাঁড়িয়ে ছিলেন নারীদের ট্রায়াথলন ইভেন্ট দেখার জন্য।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস