ঢাকা: ভারতীয় সেনাবাহিনী বৃহস্পতিবার পারমাণবিক জ্বালানি বহনে সক্ষম অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।
সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৮ টা ৪৮ মিনিটে ওড়িশ্যা প্রদেশের হুইলার দ্বীপে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে বলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।
ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অগ্নি-২ ক্ষেপণাস্ত্রটি কঠিন জ্বালানি চালিত বলে জানা গেছে। এর সর্বোচ্চ পাল্লা ২ হাজার কিলোমিটার এবং এটি এক হাজার কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম।
পরীক্ষাকে সম্পূর্ণ সফল দাবি করে ভারতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড টেস্ট রেন্জের (আইটিআর) পরিচালক এমভিকেভি প্রসাদ বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক এ ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁত ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
উল্লেখ্য, ভারতের অস্ত্র ভান্ডারে ইতোমধ্যে ৫ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র যোগ হয়েছে। যা অনায়াসে চীনের রাজধানী বেইজিং এ আঘাত হানতে সক্ষম। উল্লেখ্য, বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে ৫ হাজার কিলোমিটার কিংবা তার বেশি পাল্লার ক্ষেপণাস্ত্রের অধিকারী হয় ভারত।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
সম্পাদনা: মামুন-অর-রশিদ ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর