বরিশাল: বরিশারে নগরীর রূপাতলীতে ঈদের কেনাকাটা নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন লিজা আক্তার (৩২) নামে এক গৃহবধূ।
এক সন্তানের জননী লিজা আক্তার রূপাতলী আহম্মেদ মোল্লা সড়ক এলাকার মো. মোস্তফা কামালের স্ত্রী। তিনি নারায়ণগঞ্জের তল্লা এলাকার মৃত আহম্মেদ আলীর মেয়ে।
শুক্রবার দিনগত গভীর রাতে নিজের শরীরে আগুন দেওয়ার পর শনিবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে লিজা মারা যায় বলে পুলিশ জানায়।
লিজার এক নিকট-আত্মীয় বাংলানিউজকে জানান, ঈদের কেনাকাটা নিয়ে শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে রাতেই সবার অগোচরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় লিজা ।
পরে মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে(শেবাচিম) ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সকালে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।
লিজার একমাত্র সন্তান ১০ম শ্রেণির ছাত্র মো. ইমন বাংলানিউজকে জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে বাবা ও মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এরই এক পর্যায়ে তার মা শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কবির বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর