 |
আবার নতুন নির্বাণ দরকার ছিলো না গৌতম তোমার
আবার নতুন নির্বাণ
দরকার ছিলো না গৌতম তোমার।
সেদিনও চাঁদ ছিলো কালো আকাশে,
মাথায় লাল কাপড় বেঁধে
মাঝ রাতে তবু কারা এলো?
ওরা কি মানুষ ছিলো?
নাকি বন্য হাতি দলিত করে যাবে জনপদ
আর ভয়ে কাঁপবে মানব সন্তান
পেট্রোল আর গান পাউডার আসলো,
নিরাপত্তা বাহিনী কেবল নিরাপদ দুরত্বে...
মুহূর্তেই মাঝরাতে গৌতম তুমি আক্রান্ত হলে
ঘরে-ঘরে বিহারে জ্বলে উঠলো আগুন
গৌতম তোমার হয়ে মরলো আরেক জন ।
আর চাঁদের আলোতে তখনও তোমার ধ্যান
শৈল্পিক ছবি আসে খবরের কাগজে।
মুখে ছিপি দেওয়া সিভিল সমাজ বলে উঠে
বাহ! বেশ সুন্দর তো!!
গণতন্ত্র তোমাকেই বলছি...
রাস্তার বেশ্যার মতই সতীত্ব তোমার।
চারটি শুকনো পাতা
১.
মেঘ তো চাঁদ ঢাকে না , চোখ ঢাকে।
মেঘ কি ঢাকতে পারে চাঁদের রূপটাকে?
দূর থেকে নক্ষত্র দেখো না,
কাছে এসে দেখো হৃদয়।
২.
সারাব যদি খারাপ হবে
নারী কেন বলো ভালো,
নারী সে তো সরাব স্বরূপ
মন চক্ষে টলমলো।
৩.
কচুরি ফেনা ফোটালো ফুল পুকুর জলে,
কি সুন্দর আমার দেহ কচুরি ফেনা বলে।
৪.
ঘর, খেলাঘর, তাসের ঘর,
মৃত্যু এলে কেবল কবর।
নবজাত প্রেম-কাম
বারণ করে কোনও লাভ নেই
তোমার মোহে আমি বধির,
হায় একি দেখলাম একি দেখলাম
তোমার ঠোঁট কাঁপে থির থির!
বাতাসে বাতাসে তোমার চুলের গন্ধ ভাসে,
বাতাস ভারী হয় ভারী নিশ্বাসে।
দেখি পলকহীন চোখ
যেন পড়ে না পলক
ভাবগুলো তাই হয়েছে স্থির,
হায় একি দেখলাম একি দেখলাম
তোমার ঠোঁট কাঁপে থির থির!
তোমার চোখে দেখি গালিবের গজল
বেদনায় অশ্রুসিক্ত আঁখি জল ছলছল।
চেও না মুখপানে করো না ইশারা
তোমার রূপমোহে আমি দিশেহারা।
এতো মধু যার মনের গভীরে
সে কেন থাকে গভীর তিমিরে?
তার মনের ভেতর রঙটা যেন গোধূলির আবীর,
বোধহীন নবজাত কামে
তোমার ঠোঁট কাঁপে থির থির!
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১২