পিরোজপুর : পিরোজপুর সদর উপজেলার ভাইজোরা এলাকায় যাত্রীবাহী বাস (যশোর ব-৪০২) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ২ জনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জিয়ানগর থেকে পিরোজপুরগামী বাসটি কৃষ্ণচূড়া ভাইজোরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে বাসের যাত্রীরা অভিযোগ করে জানায়, যাত্রাপথে এর আগেও বাসটি কয়েকবার দুর্ঘটনার মুখোমুখি হয়। তাদের অভিযোগ, গাড়িটি আনফিট হওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) শংকর কুমার বোস বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় আহত ১৩ জনের মধ্যে ১১ জনকে প্রাথমিক চিকৎসা দেওয়া হয়েছে। ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, পিরোজপুর থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া লোকাল বাস রাস্তায় চলাচলের অযোগ্য। এজন্য প্রায়ই পিরোজপুরের বিভিন্ন লোকাল রুটে দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগেও ভাইজোড়ায় একটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছিল।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন ও রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর