 |
| ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে বর্তমান বিশ্ব অর্থনীতি মন্দা কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্যমেলা- ২০১২’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ``যুক্তরাষ্ট্রে আমাদের পণ্যের ২০ শতাংশ শুল্ক ছাড় দেওয়া হয়। অথচ এশিয়া দেশগুলোতে ৮০ শতাংশ শুল্ক ছাড় দেওয়া হয়। এরপরও আমরা যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলোতেই বেশি ঝুঁকছি।``
তিনি আরও বলেন, ``বাংলাদেশে উৎপাদিত প্রচলিত-অপ্রচলিত পণ্যের এশিয়ায় বিশাল বাজার রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্যমেলা সহায়ক ভূমিকা রাখবে।``
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশিন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড ইউএসএ’র (সেমস গ্লোবাল) আয়োজনে সেমস বাংলাদেশের সহযোগিতায় ৮ দিনের এ মেলা অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার থেকে।
অনুষ্ঠানের সভাপতি সেমস গ্লোবালের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম বলেন, ``এশিয়ার ক্রমবর্ধমান ভোগ্যপণ্যের বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই প্রদর্শনীর মাধ্যমে এশিয়ার সব জাতির মধ্যে বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে এশিয়ান পণ্য ও সেবার সুযোগ-সুবিধা এবং নিত্যনতুন পণ্য ও প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভের সুযোগ ঘটবে।``
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আমেরিকান চেম্বার অব কর্মাস ইন বাংলাদেশের প্রেসিডেন্ট আফতাব উল ইসলাম, ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-র (ফিকি) প্রেসিডেন্ট সাঈদ এরশাদ প্রমুখ।
বিশ্বের ১০টি দেশের ১শ’টিরও বেশি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে তাদের ইলেকট্রনিক, যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্যসেবা পণ্য, প্রসাধন ও গৃহসামগ্রী, ফ্যাশন ও আনুষঙ্গিক, কারু ও হস্তশিল্প ইত্যাদি সামগ্রী স্থান পাবে।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এআই/সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com