পটুয়াখালী: পটুয়াখালীতে নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার লোহালিয়া নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বাংলানিউজকে জানান, এলাকাবাসীর সংবাদ পেয়ে উপজেলার ভুরিয়া এলাকার শামিম ব্রিকস এর ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মৃত ওই যুবতীর গায়ে লাল সালোয়ার এবং কামিজ ছিল। তার বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ হবে বলে তার ধারনা করা হচ্ছে। তবে মৃত ব্যক্তির হাত এবং পা রশি দিয়ে বাঁধা ছিল। ধারনা করা হচ্ছে ২/৩দিন লাশটি পানিতে ছিল।
এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, জুন ০৮, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর