নয়া দিল্লি: ২২ গজে হরজভনের স্পিন ঘূর্ণিতে নাকাল হয় প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। ময়দানের এই যোদ্ধা হৃদয় শিকারেও বেশ পটু। অভিনেত্রী গীতা বাসরার সঙ্গে মন দেওয়া-নেওয়ার পর্ব শেষে করে ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন।
গীতার সঙ্গে সম্পর্কের বিষয়টি সবসময়ই এড়িয়ে গেছেন। দুইজনের কেউই অতীতে এ নিয়ে টু শব্দটি পর্যন্ত করেননি। যদিও অনেক সময় তাদের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। তারপরও প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন অফস্পিনার হরভজন।
ভারতের এডিটিভি জানায়, সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারেন তারা! বিবাহের প্রথম পর্ব শুরু হবে কনের (গীতা) বাড়ি ইংল্যান্ডের ইয়র্কশায়ারে। শেষ হবে বরের শহর পাঞ্জাবে। সংবাদ মাধ্যমের দাবি, সেপ্টেম্বরেই নতুন ইনিংসের গোড়াপত্তন করবেন হরভজন!
জাতীয় দলে অনিয়মিত হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ পারফরমেন্স করেছেন হরভজন সিং। এ মৌসুমে নেতৃত্ব দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের। চেন্নাই সুপার কিংসের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় তার দল।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মে ২৪, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস