ভোলা: ভোলার মেঘনার ২ জলদস্যুকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আটকরা হচ্ছে, নজির (৫০) ও শাহাবুদ্দিন (২২)।
এদের মধ্যে গুরুতর আহত শাহাবুদ্দিনকে চরফ্যাশন হাসপাতাল ভর্তি করা হয়েছে।
চরফ্যাশন থানার ওসি মো. রিয়াজ হোসেন ও এসআই ফেরদৌস জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে টাউন হল চত্বর ও কলেজ রোড এলাকা থেকে পৃথকভাবে স্থানীয় জেলে ও জনতা তাদের আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আটক জলদস্যুরা মেঘনার হাতিয়া থেকে ভোলার চরফ্যাশনের বিস্তৃর্ণ জলসীমায় ডাকাতির কার্যক্রম চালিয়ে আসছিল। এদের ভয়ে জেলেরা সবসময় আতঙ্কিত থাকে।
পুলিশ জানায়, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলছিল।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ১১, ২০১২
ছোটন সাহা/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর