 |
ঢাকা: বিশ্বের অন্যতম আলোচিত আর্থিক প্রতিষ্ঠান ব্রিটেনের বার্কলি ব্যাংকের প্রধান নির্বাহী বব ডায়ামন্ড পদত্যাগ করেছেন। আন্ত:ব্যাংকিং ঋণের সুদের হারের ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেন তিনি। বার্কলের এই কেলেঙ্কারি ব্রিটিশ ব্যাংকিং খাতের ইতিহাসে অন্যতম বিপর্যয়কর মুহূর্ত বলে ধারণা করছেন অনেকেই।
মঙ্গলবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে প্রধান নির্বাহী ডায়মান্ড বলেন, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কারণ, ‘কিছু অনাকাঙ্খিত ঘটনায় বার্কলের ওপর বাইরের চাপ বর্তমানে এমন বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে যার ফলাফলে এর অংশীদাররা ঝুঁকির সম্মুখীন।’
এর আগে সোমবার ব্যাংকের চেয়ারম্যান মারকাস অ্যাগাস পদত্যাগ করেন। তবে মঙ্গলবার ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে অ্যাগাস পদত্যাগ পত্র প্রত্যাহার করে পুনরায় স্বদায়িত্বে ফেরত আসবেন এবং ডায়ামন্ডের পরিবর্তে নতুন একজন নির্বাহী নিয়োগের ব্যবস্থা করবেন।
গত সপ্তাহে আর্থিক খাতে কেলেঙ্কারির জন্য আলোচনায় আসে ব্রিটেনের এই আর্থিক প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনিয়ম ও জালিয়াতির অভিযোগে প্রায় ৪৫ কোটি ডলার জরিমানা করে ব্যাংকটিকে।
২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্ত:ব্যাংকিং ঋণের সুদের হারের ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাদের এ জরিমানা করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এদিকে এ কেলেঙ্কারি শেষ পর্যন্ত ব্রিটেনের পার্লামেন্টেও গড়িয়েছে। সহকারী প্রধানমন্ত্রী নিক ক্লেগ এবং বিরোধী লেবার দলীয় নেতা এড মিলিব্যান্ড ৬০ বছর বয়সী আমেরিকান নাগরিক ডায়ামন্ডকে পদত্যাগ করতে বলেন।
এদিকে ডায়ামন্ড এবং চেয়ারম্যান অ্যাগাসকে তলব করেছে ব্রিটিশ পার্লামেন্ট। কেলেঙ্কারির ব্যাপারে নিজের বক্তব্য উপস্থাপন করতে আগামী বুধবার সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সামনে উপস্থিত হবেন ডায়ামন্ড। অ্যাগাস উপস্থিত হবেন আগামী বৃহস্পতিবার । সেখানে সংসদীয় কমিটির সদস্যরা তাদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর