 |
ঢাকা: ক্যানসার সচেতনতা বিষয়ক একটি প্রচারণার অংশ হিসেবে চুল ছোট করে চাকরি হারানোর সম্মুখীন হয়েছেন একজন মালয়েশীয় টেলিভিশন উপস্থাপিকা।
ওই টেলিভিশন চ্যানেল থেকে বলা হয়েছে চুলের আকার ভদ্রোচিত না হওয়া পর্যন্ত তিনি তাদের চ্যানেলের খবর উপস্থাপন করতে পারবেন না। খবর ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির।
মালয়েশিয়ার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি সেভেনে টেলিভিশন উপস্থাপিকা হিসেবে কাজ করতেন রাস আবিদা রাজি। তিনি ফ্রিল্যান্স ভিত্তিতে সেখানে কাজ করতেন বলে জানা গেছে।
গত শুক্রবার মালয়েশিয়ায় ‘ন্যাশনাল ক্যানসার কাউন্সিল ক্যানসার অ্যাওয়ারনেস’ প্রচারণার সংগে একাত্মতা প্রকাশ করতে চুল ছেটে একেবারে ছোট করে ফেলেন তিনি। এরপর এনটিভি সেভেন তার ওপর নির্দেশ জারি করে চুল গ্রহণযোগ্য আকারে না জন্মানো পর্যন্ত তিনি তাদের কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করতে পারবেন না।
তবে টেলিভিশন চ্যানেলটির একটি সূত্র জানিয়েছে রাস আবিদা চুল ছাটার আগে তাদের সংগে যোগাযোগ করে। তবে কর্তৃপক্ষ তাকে এ ব্যাপারে আগেই সর্তক করে দিয়ে বলে যদি তিনি চুল ছেটে ফেলেন তবে তাকে খবর পাঠ করতে দেওয়া হবে না। তবে চুল আবারো আগের অবস্থায় ফেরত আসলে উপস্থাপনার কাজ করতে পারবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর