 |
ঢাকা: ছোট পর্দায় তানিয়া হোসাইন ও নিশো জুটির অভিনয়ের সমীকরণটা বেশ ভালোই গ্রহণ করছেন দর্শকরা।
যে কারণে বর্তমান সময়ের বেশ কয়েকজন নির্মাতা তানিয়া-নিশো জুটিকে নিয়ে তাদের নাটকে নিয়ে কাজ করছেন।
গাজী রাকায়েত পরিচালিত ধারাবাহিক নাটক `ঘর ছাড়া` তে প্রথম দু`জন একসাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন ২০০৬ সালে।
এরপর আরও বেশ কয়েকটি ধারাবাহিক নাটক ও খন্ড নাটকে অভিনয় করে দর্শক সমাদৃত হয়েছে এ জুটি।
সর্বশেষ গত সপ্তাহে এনটিভিতে সোহেল রানা পরিচালিত `পুতুল বৃত্তান্ত` নাটকে তাদের দুজনের অভিনয় দর্শকমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়।
এই নাটকেই তাদের দুজনের অনবদ্য অভিনয় দেখে বিশিষ্ট নাট্যনির্মাতা ও চিত্রপরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল তার ঈদের নাটক `ইটস কমপ্লিকেটেড`-এ জুটিবদ্ধ করেন।
ইকবাল হোসাইন চৌধুরী রচিত নাটকটি গত ৮ ও ৯ অক্টোবর নাটকটির শুটিং হয়েছে ঢাকার ধানমন্ডি এলাকায়।
নাটকে তানিয়া সুরঞ্জনা এবং নিশো অভিনয় করেছেন আজহার চরিত্রে।
গল্পে দেখা যাবে, আজহার কখনো কখনো সুরঞ্জনাকে কল্পনায় দেখে আবার বাস্তবেও দেখে। সুরঞ্জনাকে ঘিরে একধরনের রহস্যময়তার মধ্যদিয়েই কাটে আজহারের সময়।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানিয়া হোসাইন বাংলানিউজকে বলেন, `নিশোর সাথে মিডিয়ায় আসার আগে থেকেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তার সাথে সবসময়ই কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। আর নির্মাতা হিসেবে নেয়ামুল কাজ আদায় করে নিতে জানেন।`
নিশো বলেন, `গল্পটির ভিন্নতার কারণেই নাটকটিতে কাজ করতে আগ্রহী হয়ে উঠি। পাশাপাশি কো-আর্টিস্ট হিসেবে তানিয়াকে পেয়ে কাজটি করতে খুবই ভালো লেগেছে, কারণ আমাদের মধ্যে কাজের বোঝা-পড়াটা বেশ চমৎকার। নির্মাতা নেয়ামুল অনেক পরিপক্ক একজন নির্মাতা।`
নির্মাতা নেয়ামুল বলেন, `এক কথায় দুজনেই অসাধারণ অভিনয় করেছেন এই নাটকে। নি:সন্দেহে বলা যায় দর্শকের ভালো লাগবে।`
আকাশ প্রযোজিত এই নাটকটি আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে নির্মিত হয়েছে।
উল্লেখ্য শিহাব শাহীন ও রাজীবুল ইসলাম রাজীবসহ আরও বেশ কয়েকজন নির্মাতার ঈদের নাটকে কাজ করবেন তানিয়া হোসাইন।
অন্যদিকে নঈম ইমতিয়াজ নেয়ামুল তার প্রথম নির্দেশিত ছবি `এক কাপ চা’ এর যাবতীয় কাজ শেষ করেছেন। খুব শিগগিরই সেন্সরে যাবে ছবিটি।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১২
এমকে/একেএ