 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম : উৎসবমুখর পরিবেশ আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে সনাতনধর্মের হাজার হাজার নারী-পুরুষ উদযাপন করলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে নানা বয়সের তরুণ-তরুণী ও আবাল বৃদ্ধ-বনিতা নেচে- গেয়ে রথযাত্রার শোভাযাত্রায় অংশ নেন।
এর আগে বিকেল সাড়ে তিনটায় নগরীর প্রবর্ত্তক মোড়ে ইসকনের শ্রীকৃঞ্চ মন্দিরে শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম।
ঘোড়ারগাড়ীর উপর জগন্নাথ দেবসহ হিন্দু ধর্মীয় দেবদেবীর মূর্তি বসিয়ে মোটা দড়ি বেঁধে তা টেনে নিয়ে যান নানা বয়সের হাজার হাজার নারী-পুরুষ।
রথযাত্রাটি প্রবর্ত্তক মোড় থেকে শুরু হয়ে মেহেদিবাগ, কাজির দেউড়ি, জামালখান, আন্দরকিল্লা, নিউমার্কেট হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নন্দনকানের ইসকন মন্দিরে এসে শেষ হয়।
রথযাত্রা উপলক্ষে আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত শোভাযাত্রার প্রথমেই ছিলো মোটরসাইকেলের মহড়া। এসময় তাদের ‘হরে কৃষ্ণ, হরে রাম’ বলে গেয়ে গেয়ে রাস্তার পাশের মানুষদের শুভেচ্ছা জানাতে দেখা গেছে।
শোভাযাত্রাটি এগিয়ে যাবার সময় নগরীর বিভিন্ন সড়কের দু’ধারে দাঁড়ানো লোকজন হাত নেড়ে শুভেচ্ছা জানান।
বিশাল কনটেইনার মুভার, ট্রাক,মিনিট্রাক ও ভ্যানসহ বিভিন্ন যানবাহনে শিশুদের হিন্দু ধর্মীয় দেবতা ও দেবী সাজিয়ে কীর্ত্তন গেয়ে গেয়ে মাতোয়ারা হয়ে এক হয়ে যান তারা।
এছাড়া বিভিন্ন যানবাহনের উপর সাউন্ড সিস্টেম বসিয়ে বিভিন্ন কীর্ত্তন এবং ঢাক-ঢোলসহ নানা বাদ্যযন্ত্র বাজিয়ে জগতের পাপ, হিংসা ও দু:খ তাড়িয়ে সুখের কামনা করেন হাজার হাজার হিন্দু ধর্মালম্বী।
শোভাযাত্রায় ইসকনের প্রভূর মূর্তি ছাড়াও কাঠের তৈরি বিশাল আকৃতির শ্রী চৈতন্য দেবের মূর্তি সকলের নজর কাড়ে।
এবারের শোভাযাত্রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম কলেজসহ চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সনাতনী ছাত্র পরিষদ ওয়ার্ডসহ নানা উপজেলা থেকে ইসকনের অনুসারীরা অংশ নেন।
রথযাত্রার র্যালি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ব্রজেশ্বর গোপাল দাশ বাংলানিউজকে বলেন, ‘দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে রথযাত্রা উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজার হাজার নারী-পুরুষ। আগামী ২৯ জুন শুক্রবার নন্দনকানন থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে প্রবর্ত্তক মোড়ের কৃষ্ণ মন্দিরে গিয়ে শেষ হবে।’
এদিকে এ শোভাযাত্রার কারণে পুরো নগরীতে প্রায় দেড় ঘণ্টা দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় পথচারীদের দুর্ভোগে পড়তে হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জুন ২১, ২০১২
এমবিএম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর