নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জের নোয়াখালী-লক্ষীপুর সড়কের বাংলাবাজার এলাকায় সোমবার সকালে লাশবাহী পিকআপ ও বাসের সংঘর্ষে একই পরিবারের ২জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- ভোলা জেলার লালমোহন উপজেলার কালনা গ্রামের শাহনূর বেগম (৪০) ও মো. ফারুক হোসেন (৩৫)।
আহতরা হলেন-বশির (২০), আজহার (৪৭), রুবেল (১৮), আনোয়ারা বেগম (৪৫), রুহুল আমিন (২৮), রাসেল (১২), রাশেদ (৮), নাজিম উদ্দিন (৩০), নুর নবী (২৫), মাকসুদা বেগম (২৭) ও মোক্তার হোসেন (৩২)।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ উপপরিদর্শক (এসআই) শ্যামল দত্ত বাংলানিউজকে জানান, সোমবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা লাশবাহী একটি পিকআপ নোয়াখালী-লক্ষীপুর সড়কের বাংলাবাজার এলাকায় পৌঁছালে লক্ষীপুর থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পিকআপটি ধাক্কা দেয়।
এতে লাশবাহী পিকআপে থাকা একই পরিবারের ১৩জন আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় তাদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ২জন মারা যান।
এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও এসআই শ্যামল জানান।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর