ঢাকা : বিশ্বজিৎ হত্যাকারীদের আড়াল করার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী হত্যা-হানাহানিতে মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বামমোর্চার নেতৃবৃন্দ।
বিশ্বজিৎ হত্যাকারীদের আড়াল করার এ অপচেষ্টার প্রতিবাদে শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, ৯ ডিসেম্বর বিএনপি জোটের অবরোধের সময় ছাত্রলীগের গুণ্ডারা বিশ্বজিৎকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, দেশে সাগর-রুনি হত্যাকাণ্ড, ইলিয়াস আলী গুম, সাম্প্রদায়িক সহিংসতা থেকে শুরু করে একের পর এক ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে প্রকৃত সত্য আড়াল করতে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন তাতে প্রমাণ হয় দেশে আইনের শাসন নেই। গণতন্ত্র বলে কোনো কিছুর অস্তিত্ব নেই।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা আইনের শাসন নয়, ক্ষমতার কামড়াকামড়িই মুখ্য।
দুই জোটের ক্ষমতার কামড়াকামড়ি ও হানাহানির রাজনীতি প্রত্যাখ্যান করে জনগণের রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহবান জানান বক্তারা।
গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, ড. আখতারুজ্জামান, শহীদুল ইসলাম সবুজ, ইয়াসিন মিয়া, হামিদুল হক, অ্যাডভোকেট আবদুস সালাম প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর, eic@Banglanews24.com