১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ২:২৪ এএম BDST banglanew24
25 Nov 2012   04:43:45 PM   Sunday BdST
E-mail this

ফ্লাইওভার ট্র্যাজেডি

আমির খসরুর কথায় মন্ত্রীদের সুর


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আমির খসরুর কথায় মন্ত্রীদের সুর ফ্লাইওভার ট্র্যাজেডি

চট্টগ্রাম: নগরীর বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ধসে পড়ে হতাহতের ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর ঘটনাস্থলে এলেন নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিরোধী দলের নেতারা। ঘটনাস্থলে উপস্থিত মিডিয়া কর্মী এবং স্থানীয় লোকজন ব্যাকুল হয়ে উঠলেন, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের বিরুদ্ধে বিএনপি নেতারা কী বলেন তা শোনার জন্য।

ঘটনার পর থেকে মানুষের মধ্যে সিডিএ চেয়ারম্যানের উপর ব্যাপক ক্ষোভ জমলেও আমির খসরু সেদিকে গেলেন না। তিনি বরং সিডিএ চেয়ারম্যানের দায় আড়াল করে মন্ত্রীদের সুরেই কথা বললেন। আমির খসরুর বক্তব্যে হতাশ হলেন মিডিয়া কর্মীরা, উপস্থিত সাধারণ লোকজনের মধ্যে সৃষ্টি হল সমালোচনা।

রোববার বিকেল ৩টার দিকে আমির খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাৎ হোসেন, সাবেক হুইপ ওয়াহিদুল আলম, কেন্দ্রীয় নেতা এস এম ফজলুল হক, যুবদল নেতা আবুল হাশেম বক্কর সহ অর্ধশতাধিক নেতাকর্মী ঘটনাস্থলে যান।

১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি নেতারা।

এসময় আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, `এ দুর্ঘটনা মর্মান্তিক, হৃদয়বিদারক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ দুর্ঘটনা প্রথমবার হয়নি। তৃতীয়বারের মত দুর্ঘটনা ঘটেছে।`

তিনি বলেন, `আমরা শুনেছিলাম, প্রথমবার দুর্ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি। আমরা জেনেছি, ফ্লাইওভারের প্রকল্প পরিচালক হিসেবে যিনি আছেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট মামলাও আছে। তা সত্ত্বেও তিনি কার্যক্রম চালিযে যাচ্ছেন।`

তিনি বলেন, `ফ্লাইওভারের কাজের মান নিয়ে প্রশ্ন আছে। এরপরও ওই প্রকল্প পরিচালক পদে থাকেন কিভাবে ?`

তিনি বলেন, `আমরা বলতে চাই, এ ঘটনা সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিফলন। এ দায সরকারের। সরকারের ব্যর্থতার কারনে মানুষের জানমাল রক্ষা করা মুস্কিল হয়ে পড়েছে। এ ঘটনায়ও হয়ত সরকার একটি তদন্ত কমিটি করবে। সেই তদন্ত কমিটির রিপোর্টও হারিয়ে যাবে। সুতরাং এ সরকারের কাছে কিছু দাবি না করে আমরা সরকারের পতনের অপেক্ষায় আছি।`

তিনি বলেন, `সরকার জনগণের ট্যাক্সের হাজার, লক্ষ কোটি টাকা এভাবে দুর্নীতির মাধ্যমে লুটপাট করছে। সুতরাং এ সরকারের হাত থেকে জনগণকে মুক্তি দেয়াই হবে প্রধান কাজ।`

ব্যর্থতার জন্য সিডিএ চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন কিনা, এমন এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, `এটি সামগ্রিকভাবে সরকারের দায়। সরকার ঠিক করবে, তারা তাদের ভেতর কাকে দায়ী করবে। আর মাথাকে দায়ী না করে ছোটখাট পদের কাউকে দায়ী করা উচিৎ নয়।`

সাবেক মেয়র মহিউদ্দিনের সিডিএ চেয়ারম্যানকে গ্রেপ্তার দাবি প্রসঙ্গে তিনি বলেন, `সরকারের কাছে দাবি জানিয়ে তো কোন লাভ হচ্ছেনা। সরকার জনগণের দাবি গ্রাহ্যই করছেনা।`

তবে সাংবাদিকদের কাছে দেয়া পুরো বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী একবারও সিডিএ চেয়ারম্যান ও নগর আওয়ামীলীগের অর্থ সম্পাদক আবদুচ ছালামের বিরুদ্ধে সরাসরি কোন অভিযোগ আনেননি।

এর আগে ঘটনার পর শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের গ্রেপ্তার দাবি করেন।

তবে একই সময় পরিদর্শনে থাকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা.আফছারুল আমিন ঘটনার জন্য সিডিএ চেয়ারম্যান দায়ী নন বলে বক্তব্য দিয়ে দোষ চাপান ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর।

রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বন ও পরিবেশ মন্ত্রী ড.হাসান মাহমুদও দোষ চাপান ফ্লাইওভার নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর। তদন্তের আগে সিডিএ চেয়ারম্যানকে কোন দোষ দেয়া যাবেনা বলেও তিনি এসময় মন্তব্য করেন।

উল্লেখ্য ব্যবসায়ী থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বিএনপি ও আওয়ামীলীগের দু`নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ছিলেন এবং আবদুচ ছালাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ছিলেন।

আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর আবদুচ ছালামকে সিডিএ`র চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়। চট্টগ্রাম নগর আওয়ামীলীগের রাজনীতিতে আবদুচ ছালাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা.আফছারুল আমিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

বিএনপির দু`দিনের কর্মসূচী:

নগরীর বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হতাহতের ঘটনায় দু`দিনের কর্মসূচী ঘোষনা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

কর্মসূচীর মধ্যে আছে, আগামীকাল সোমবার কালো ব্যাজ ধারন, এলাকায় এলাকায় কালো পতাকা উত্তোলন এবং বাদে আসর জমিয়াতুল ফালাহ মসজিদে দোয়া মাহ্ফিল।

পরদিন মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর বহদ্দারহাট মোড়ে মানব বন্ধন কর্মসূচী পালনেরও ঘোষণা দিয়েছে দলটি।

রোববার সন্ধ্যায় নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচীর কথা জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
আরডিজি/টিসি




বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান