সাতক্ষীরা: ভারতে পাচারের সময় সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত থেকে একটি সীমানা পিলার ও প্রাইভেটকারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার বিকেলে সীমানা পিলারসহ তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন- ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত নবপল্লী এলাকার মৃত অমূল্য হালদারের ছেলে শম্ভু হালদার (৩৮), সদর উপজেলার বৈকারী এলাকার আব্দুস সবুরের ছেলে মনিরুজ্জামান (২২) ও শহরের পুরনো সাতক্ষীরা এলাকার কাজী নাসিরুদ্দীনের ছেলে কাজী খায়রুল ইসলাম রিপন (২৩)।
সাতক্ষীরা ৩৮ বিজিবি’র অপারেশন কর্মকর্তা মেজর আনোয়ারুল মাযহার বাংলানিউজকে জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার মোহাম্মদ আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারতে পাচারের সময় তিন ব্যক্তিকে আটক করে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহ দারা খান বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে বিজিবি’র পক্ষ থেকে দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে, সীমানা পিলারটি আসল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মে ১৮, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর