সিলেট : সিলেটের কোম্পানীগঞ্জ বর্ণিতে ব্রিজ ধসের ঘটনায় আরও দুইজনের নিখোঁজের খবর পাওয়া গেছে। এরা হলেন জৈন্তাপুর উপজোর ট্রাকচালক মনির আলী ও তার হেলপার।
শনিবার সন্ধ্যায় জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম জাকারিয়া বাংলানিউজকে এই দুজন নিখোঁজের বিষয়টি জানিয়ে বলেন, তলিয়ে যাওয়া ট্রাকের মধ্যে তার ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার ট্রাকচালক মনির আলী ও তার সহযোগী(হেলপার) রয়েছেন। তবে হেলপারের নাম বলতে পারেন নি তিনি।
তিনি আরো জানান, ব্রিজ ধসে ট্রাকচালক ও সহযোগী নিখোঁজের ঘটনায় শনিবার সন্ধ্যায় সিলেট তামাবিল সড়ক অবরোধ করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ জৈন্তাপুর এলাকার জনসাধারণ সিলেট তামাবিল সড়ক অবরোধ করে।
অবরোধের খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, জৈন্তাপুর উপজেলার ভাইস-চেয়ারম্যান মহিবুল হক মুহিব, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন, সহকারী পুলিশ সুপার বীনা রানী, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল জালিল, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম জাকারিয়া ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার ঘটনাস্থলে যান।
তারা স্থানীয় অবরোধকারীদের সাথে আলোচনা করেন এবং নিখোঁজ ট্রাকশ্রমিকদের বের করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
এছাড়া জেলা প্রশাসনের পক্ষে থেকে নিখোঁজ ট্রাকচালক মনির আলী ও হেলপারের পরিবারকে আর্থিক ভাবে সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার রাত সোয়া ৯ টায় ৭টি যানবাহন নিয়ে সিলেট শহর থেকে ২০ কিলোমিটার দূরে কোম্পানীগঞ্জের বর্ণী ব্রিজ ধ্বসে পড়ে। এতে একজনের লাশ ও আরো ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ঐ সময় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছিলেন কোম্পানীগঞ্জ থানা ওসি আমিনুল ইসলাম সরকার।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুন ১৬, ২০১২
এসএ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর