 |
জুরিখ: রাশিয়ার খোঁজ খবর সেভাবে কেউ রাখেনি। তলে তলে অনেক এগিয়েছে রাশান ফুটবল। প্রস্তুতি ম্যাচে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে পুনরুত্থানের ইঙ্গিত দিয়েছে।
রাশিয়া: ৩ ইতালি: ০
ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য যে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে রাশিয়া তার কোনটিতে হারেনি। আগের দুই ম্যাচে ড্র করে তৃতীয়টিতে জিতেছে। জুরিখে অসাধারণ ফুটবল খেলেছে রাশিয়া। বিশ্বচ্যাম্পিয়ন ইতালি কোনোভাবে তাদেরকে আটকাতে পারছিলো না। যে বলগুলো বারের খুব কাছ দিয়ে বেরিয়ে গেছে তা জালের খোঁজ পেলে গোলবন্যা বয়ে যেতো। ইতালির ভাগ্য ভালো আধাডজন গোল খেতে হয়নি।
অনেক কষ্টেসিষ্টে প্রথমার্ধ আটকে রেখেছিলো আজ্জুরিরা। বিরতির পর দম ফুরিয়ে গেলে রাশানরা সুযোগগুলো কাজে লাগাতে থাকে। ৬০ মিনিটে গোলমুখ খোলেন আলেকসান্দর কারজাকভ। পরে আরও দুটি গোল খেয়ে বসে বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। রোমান শিরোকভ ৭৫ ও ৮৯ মিনিটে গোল দুটি করেন।
ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক ইউক্রেন প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়ার কাছে ৩-২ গোলে হেরে গেছে। খেলার প্রথম থেকেই দাপট ছিলো অস্ট্রিয়ার। তৃতীয় মিনিটে জুনুজোভিক দলকে এগিয়ে নেন। বিরতির পরে গিয়ে গোল শোধ দেয় ইউক্রেন। ওলেহ হাসিভ ৫৬ মিনিটে সমতা আনে। ছয় মিনিট পরে আবার এগিয়ে যায় অস্টিয়া। গোল করেন মার্কো আর্নাতোভিক। খেলার ৬৫ মিনিটে ওলেহ ফের সমতা আনেন। কিন্তু ৮৯ মিনিটে ইউক্রেনের পরজয় নিশ্চিত করেন অস্ট্রিয়ার আর্নাতোভিক নিজের দ্বিতীয় গোল করে।
এদিকে চেক প্রজাতন্ত্র ২-১ গোলে হেরে গেছে হাঙ্গেরির কাছে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুন ০২, ২০১২
এসএ