শ্রীপুর (গাজীপুর): লোডশেডিং বন্ধের দাবিতে বুধবার সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কার্যালয় ঘেরাও করে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকেরা।
বেলা সোয়া ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত তারা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে রাখে।
শ্রীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ বাংলানিউজকে জানান, এর আগে গত ২২ মার্চ একই দাবিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের তাদের কার্যালয়ে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন গ্রাহকেরা।
পরে কর্মকর্তারা ৩ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিলে গ্রাহকরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। কিন্তু নির্ধারিত সময়ের পর পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় বুধবার বেলা সোয়া ১১টার দিকে ওই কার্যালয় আবার ঘেরাও করেন গ্রাহকরা।
এ সময় কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) আবুল বাশার আজাদ, শ্রীপুর থানার ওসি আক্তারুজ্জামান ও মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন আলোচনার প্রস্তাব দিলে গ্রাহকেরা আলোচনায় বসেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, ঘেরাও কর্মসূচির খবর শুনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে শ্রীপুর ও মাওনা হাইওয়ে থানার অর্ধশতাধিক পুলিশ সদস্য নিয়োজিত রাখা হয়।
কর্তপক্ষের সঙ্গে কথা বলে গ্রাহকদের কাছ থেকে ৭ দিন সময় চেয়ে নেওয়া হয়েছে বলে জানান উপ-মহাব্যবস্থাপক আবুল বাশার আজাদ ।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১২
প্রতিবেদন: আহমেদ মিলন
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর/সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর