সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেহেদি হাসান (১৮) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সকালে পুলিশ রাঘববাড়িয়া চরের একটি ধান ক্ষেত থেকে মেহেদীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।
নিহত মেহেদী হাসান উপজেলার রাঘববাড়িয়া চর গ্রামের শাহজামালের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলানিউজকে জানায়, মেহেদী শনিবার রাতে এশার নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয়।
রোববার সকালে রাঘববাড়িয়া চড়ের একটি ধান ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত মেহেদীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে।
এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মে ১৯, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর