 |
ঢাকা: ঈদের পরে হরতাল-অবরোধের মাধ্যমে এ সরকারকে টেনে-হিঁচড়ে নামানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “এ সরকারের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তাই সরকারকে সরাতে হবে। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে নির্বাচন না দিলে ঈদের পরে এ সরকারকে টেনে-হিঁচড়ে নামানো হবে।”
শুক্রবার বিকেল পৌনে ৫টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যুবদল ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীরের মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এক সভায় বলেছেন, দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জবাবে ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আগামী নির্বাচন যদি নির্দলীয় সরকারের মাধ্যমে হয়, তাহলে আওয়ামী লীগের কোনো প্রার্থীর জামানত থাকবে না। এ ভয়েই প্রধানমন্ত্রী আবোল-তাবোল বকছেন।
‘‘আপনাদের সে স্বপ্ন এদেশের গণতন্ত্রমনা মানুষ কখনোই পূরণ হতে দেবে না’’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘‘ভোটের ও ভাতের অধিকার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যে আন্দোলন চলছে, সে আন্দোলন ঈদের পর আরো দুর্বারগতিতে শুরু হবে। খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের মানুষ সে আন্দোলন সফল করবে এবং দেশে আগামীতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।’’
তিনি বলেন, অবিলম্বে খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং যুবদল নেতা জাহাঙ্গীরসহ আটক নেতাদের মুক্তি না দিলে ঈদের পর দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘‘আমাদের গার্মেন্টস শিল্প, টেক্সটাইল, কৃষিসহ সকল সেক্টরই ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকার দুর্নীতি করে আমাদের আশা-আকাঙ্খার পদ্মাসেতুও খেয়ে ফেলেছে। এখন দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য চাঁদাবাজি শুরু করেছে সরকার। এভাবে পদ্মাসেতু নির্মাণ কোনোদিন সম্ভব হবে না।’’
ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
এমএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর