 |
লন্ডন: মহিলা টেনিস এককের সেমিফাইনালে বিশ্বসেরা ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে খেলবেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। কোয়ার্টার ফাইনালে মার্কিন তারকা হারান ক্যারোলিন ওজনিয়াকিকে।
ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে অলিম্পিকের দ্বৈতে দুটি স্বর্ণ পদক জিতেছেন সেরেনা। বোনের সঙ্গে জুটি গড়ে প্রতিযোগিতার স্বর্ণ জিতলেও টেনিস এককে সাফল্যের মুখ দেখননি সাবেক বিশ্বসেরা। প্রায় দেড় মাস আগে উইম্বলডনের শিরোপা জেতা সেরেনা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন লক্ষ্যের দিকে।
কোয়ার্টার ফাইনালে তার বিপক্ষে দাঁড়াতেই পারেননি ওজনিয়াকি। বিশ্ব র্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বরকে ৬-০ ও ৬-৩ গেমে হারিয়ে শীর্ষ চারে উঠেন সেরেনা। সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে খেলবেন তিনি। এছাড়া শীর্ষ চারের খেলা নিশ্চিত করেছেন রাশিয়ার মারিয়া শারাপোভা। সেমিফাইনালে তিনি খেলবেন স্বদেশী মারিয়া কিরিলেঙ্কোর বিপক্ষে।
এদিকে পুরুষ এককের সেমিফাইনালের টিকিট কেটেছেন রজার ফেদেরার, হুয়ান মার্টিন দেল পাত্র, নোভাক জকোভিচ ও অ্যান্ডি মারে। ফেদেরার খেলবেন পাত্রের বিপক্ষে এবং জকোভিচ মুখোমুখি হবেন মারের।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর