সুনামগঞ্জ: সুনামগঞ্জে চিকিৎসকের অবহেলায় তমাল (১০ মাস) নামে শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শিশুটির মৃত্যু হয়।
সুনামগঞ্জের দোয়ারা উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা তারা মিয়া বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার শিশুপুত্র তমালকে সুনামগঞ্জ সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সামিউল হকের বাসায় (প্রাইভেট চেম্বার) নিয়ে যান।
এ সময় চিকিৎসক সামিউল হক ব্যবস্থাপত্র দিয়ে তমালকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তমালকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তমালের মৃত্যু হয়।
তিনি বাংলানিউজকে অভিযোগ করেন, চিকিৎসকের অবহেলায় তমালের মৃত্যু হয়েছে।
এ অভিযোগ অস্বীকার করে চিকিৎসক সামিউল হক বংলানিউজকে জানান, শিশুটি মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত ছিল।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
সম্পাদনা: ফরহাদ খান/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর