 |
ঢাকা: গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে চেয়ারম্যান করে অনুসন্ধান কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে এরশাদ বলেন, ``অনুসন্ধান কমিটিতে সরকারের পক্ষ থেকে ২ জন, মহাজোটের পক্ষ থেকে ৩ জন, সুশীল সমাজ থেকে ২ জন এবং বর্তমান গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩ জন মহিলা সদস্যকে অন্তর্ভুক্ত করা যেতে পারে।``
গ্রামীণ ব্যাংক নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করে এরশাদ বলেন, ``দীর্ঘ দিনেও গ্রামীণ ব্যাংকে একজন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের সুরাহা হয়নি। এই ব্যাংকটি প্রতিষ্ঠায় আমিই উদ্যোগ গ্রহণ করেছিলাম।``
``ব্যাংকটি আজ শুধু দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অভূতপূর্ব অবদান রেখে সুখ্যাতি অর্জন করেনি বরং নোবেল পুরস্কার অর্জন করে দেশের সম্মান সমুন্নত করেছে। এ ব্যাংক নিয়ে কোনো ধরনের জটিলতা গোটা জাতির কাছে কাম্য হতে পারে না।``
বিবৃতিতে এরশাদ বলেন, ``গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার আগে ড. ইউনূস দেশবাসীর কাছে পরিচিত ছিলেন না। তিনি গ্রামীণ ব্যাংকের প্রস্তাব নিয়ে যখন আমার কাছে এসেছিলেন তখন প্রস্তাবটিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। আর তাই আমি এই ব্যাংক প্রতিষ্ঠায় অনুমোদন দিয়েছিলাম। তখন আমার কেবিনেটের অনেক সদস্য এর বিরোধিতা করেছিলেন। তাদের বক্তব্য ছিলো সরকারি সম্পত্তি এভাবে বে-সরকারি খাতে দেওয়া যায় না।``
``ওই সময় আমি বলেছিলাম, সমবায় সমিতির মতো এই ব্যাংক চলতে পারে। এখানে সকল শেয়ার হোল্ডার সমান গুরুত্ব বহন করবে। কথা ছিলো জনগণের শেয়ার বাড়বে এবং সরকারের শেয়ার কমবে। এটাই ছিলো বেসরকারি খাতের প্রথম ব্যাংক।``--বলেন এরশাদ।
বিবৃতিতে আরও বলা হয়, ``এই ব্যাংক প্রতিষ্ঠার পর ড. ইউনূসকে আমি(এরশাদ) ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করেছিলাম এবং সকল পরিচালক নিয়োগের ক্ষমতা তাকেই দিয়েছিলাম। জনগণের স্বার্থে আমার সেই সিদ্ধান্ত শুধু দেশের জন্যই সুফল আনেনি, নোবেল পুরস্কারও এনে দিয়েছে। ``
``সেই ব্যাংক নিয়ে বর্তমানে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা শুধু অনভিপ্রেতই নয়, বিদেশের কাছেও গ্রামীণ ব্যাংকের ঘটনাবলি প্রশ্নবিদ্ধ হয়েছে। দীর্ঘদিন ধরে গ্রামীণ ব্যাংকে ১ জন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা যায়নি।`` উল্লেখ করে এরশাদ আরও বলেন, ``আমি অনতিবিলম্বে অনুসন্ধান কমিটির মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করে গ্রামীণ ব্যাংকের সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।``
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১২
ইএস/সম্পাদনা: নূরনবী দ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com