পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় রিপা (১৭) নামে এক কলেজছাত্রী ‘এসিড’ সন্ত্রাসের শিকার হয়েছে।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে রিপার ওপর এসিড বা অন্য কোনো দাহ্য রাসায়নিক পদার্থ নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে সে গুরুতর আহত হয়।
আহত রিপা উপজেলার ১ নম্বর মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামের শাহআলম তালুকদারের মেয়ে। সে ঢাকা ক্যান্টমেন্ট এলাকার রমিজ উদ্দিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
বুধবার সকালে তাকে পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ হাসপাতালে ‘ক্যামিক্যাল অ্যানালাইসিস’ এর ব্যবস্থা না থাকায় তাকে বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে পটুয়াখালী হাসপাতাল কর্তৃপক্ষ।
পটুয়াখালী হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. মশিউল আলম বাংলানিউজকে জানান, যে কোনো দাহ্য পদার্থে রিপা আহত হয়েছে। তবে সেটি এসিড না অন্য কোনো পদার্থ তা ‘ফরেনসিক’ পরীক্ষার মাধ্যমে ‘ক্যামিকাল এনালাইসিস’ না করে বলা যাবে না।
এদিকে, আহত রিপা বাংলানিউজকে জানায়, রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে জানালা দিয়ে কেউ তার মুখে এসিড জাতীয় তরল পদার্থ ছুড়ে মারলে সে চিৎকার করে উঠে। পরে পরিবারের লোকজন ছুটে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।
এদিকে, রিপার বরাত দিয়ে তার বড় ভাই রফিক তালুকদার বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকালে ওই এলাকার মাসুম মুন্সির ছেলে তরুন রিপাকে প্রেমের প্রস্তাব দেয়। পরে এ নিয়ে রিপার সঙ্গে তার মধ্যে কথা কাটাকাটি হয়। তখন তরুন রিপাকে দেখে নেওয়ার হুমকি দেন।
রফিক অভিযোগ করে আরও জানান, তাদের দুলাভাই সেনাবাহিনীতে কর্মরত থাকায় রিপা বোন-দুলাভাইয়ের সঙ্গে ঢাকায় বসবাস করে। পাঁচদিন আগে সে গ্রামে বেড়াতে এসে বখাটের দ্বারা এসিড সন্ত্রাসের শিকার হলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, লোকমুখে জানা গেছে এটি প্রেমঘটিত ব্যাপার। তবে এসিডের ব্যাপরটি হাসপাতাল কর্তৃপক্ষ ভাল বলতে পারবে।
এ ব্যাপারে অভিযুক্ত তরুনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর