ঠাকুরগাঁও: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জালেম, স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকারকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য বাধ্য করতে হবে।”
মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপি আয়োজিত জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারগার থেকে মুক্ত হওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসলে জেলা বিএনপির পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
ফখরুল বলেন, “এই সরকার যেদিন ক্ষমতায় এসেছে, সেইদিন থেকেই তাদের পুরনো স্বপ্ন একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য ওঠেপড়ে লেগেছে। এই জন্য তারা নতুন করে ষড়যন্ত্র করছে। এই লক্ষ্যে তারা সংবিধান পরিবর্তন ও মানুষের কথা বলার অধিকার খর্ব করেছে।”
জেলা বিএনপি নেতা শাহেদ কামাল চৌধুরী ডালিমের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা জেএড মর্তুজা চৌধুরী তুলা, সাবেক সাংসদ মোজাহার হোসেন, কেন্দ্রীয় যুবদল নেতা ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন ও ওবায়দুল্লা সনি, নিউজরুম এডিটর