 |
ঢাকা: সরকারের প্রাপ্য লভ্যাংশ হিসেবে ৪৫ কোটি ৫৬ লক্ষ ২৫ হাজার টাকা দিয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ২০১১-১২ অর্থ বছরের জন্য সরকারকে এই পরিমাণ লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি। এর মধ্যে ২২ কোটি ৭৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা নগদ এবং বাকি অর্ধেক বোনাস।
মঙ্গলবার সকালে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে লভ্যাংশের অর্থ তুলে দেন আইসিবির পর্ষদ চেয়ারম্যান অধ্যাপক এস এম মাহফুজুর রহমান।
এ সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত সচিব অমলেন্দু মুখার্জি, যুগ্ম সচিব গকুল চাঁদ দাস, আইসিবির পর্ষদ সদস্য এস এম মনিরুজ্জামান, প্রদীপ কুমার দত্ত, এস এম আমিনুর রহমান, প্রতিষ্টানের ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আইসিবিতে সরকারের ৯১ লাখ ১২ হাজার ৫০০টি শেয়ার রয়েছে। সমাপ্ত অর্থ বছরের বোর্ড শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং বাকি ২৫ শতাংশ বোনাস শেয়ার।
এ সময় ফায়েকুজ্জামান বলেন, পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মধ্যে আইসিবি ভালো মুনাফা করেছে। গত তিন বছরে এক যুগের ৮০ শতাংশ মুনাফা করেছে। আর ৩৬ বছরের ৬৫ শতাংশ মুনাফা করেছে এই সময়ে। সমাপ্ত বছরে আইসিবি ৪৬৫ কোটি টাকা মুনাফা করেছে বলেও জানান তিনি।
অধ্যাপক এস এম মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক ইকুইটি এন্ট্রিপ্রিনিওর তহবিল (ইইএফ) এর মাধ্যমে যে তহবিল আইসিবিকে দিচ্ছে তাতে সংস্কার প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১৩
এসএআর/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর