 |
| ছবি : জুবায়ের রাকেশ /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: দেশ ও মাটি বাঁচাতে গণঐক্য তৈরির আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আসম হান্নান শাহ ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতার বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বুধবার সকালে হৃদয় বাংলাদেশ নামে এক সংগঠনের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেনারেল মাহবুব বলেন, ‘বাংলাদেশ এখন বড় সঙ্কটে। গণতন্ত্রের সঙ্কটটাই এখন সবচেয়ে বড় সঙ্কট।’
গণতন্ত্র রক্ষার জন্য ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহবান জানিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্র ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যেই গুম হচ্ছে, হত্যা হচ্ছে। দেশ ও মাটি বাঁচাতে হলে গণঐক্য তৈরি করতে হবে। সরকারের অপশাসন নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দু:শাসনের বিরুদ্ধে সংগ্রামে নেমে পড়ার সময় হয়েছে।’
এ সময় সরকারের নানা বাধা বিপত্তি সত্ত্বেও ১৮ দলীয় জোটের গণসমাবেশে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে হয়েছে বলেও দাবি করেন মাহবুব।
হৃদয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মেজর (অব.) মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির ভাইস-চেয়ারম্যঅন আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, শমসের মবিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) শাহজাহান মিলন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জুন ১৩, ২০১২
এসকেএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর