 |
কলম্বো: শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঐতিহাসিক জয় দিয়ে সিরিজ বাঁচিয়েছে নিউজিল্যান্ড। কলম্বো টেস্টে ১৬৭ রানের জয়ে ১৪ বছর পর লঙ্কার মাটিয়ে জয়ের স্বাদ পায় কিউইরা। এ জয়ে দুই ম্যাচের সিরিজটি ১-১ এ শেষ হয়।
নিউজিল্যান্ড প্রথম ও দ্বিতীয় ইনিংস: ৪১২ ও ১৯৪/৯ ডিক্লে.
শ্রীলঙ্কা প্রথম ও দ্বিতীয় ইনিংস: ২৪৪ ও ১৯৫
ফলাফল: ১৬৭ রানে জয়ী নিউজিল্যান্ড।
কলম্বোর মাঠে শুরু থেকেই কিউই পেসারদের সামনে বিপর্যস্ত হয়ে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে থিলান সামারাবীরার দৃঢ় ব্যাটিংয়ে ফলোঅন এড়িয়েছিল লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে সফরকারীদের ছুঁড়ে দেয়া ৩৬৩ রানের লক্ষ্যে নেমে আরো বিপর্যস্ত হয় স্বাগতিকরা।
পঞ্চম দিন জয়ের জন্য লঙ্কানদের দরকার ছিল আরো ৩১৬ রান, হাতে ছিল মাত্র ৬ উইকেট। ফলে শেষ দিন মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুসের ওপরই পড়ে ম্যাচ বাঁচানোর দায়িত্ব। কিন্তু লোয়ার অর্ডারে থাকা কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। শেষ ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ৮৪ রানে ট্রেন্ট বোল্টের বলে আউট হলে হার মানে স্বাগতিকরা।
বোল্ট একাই ৩ উইকেট নিয়ে স্বাগতিকদের হার নিশ্চিত করেন। আগের দিন ২ উইকেট পাওয়া টিম সাউদি ফেরান শামিন্দা এরাঙ্গাকে।
দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেছেন বোল্ট ও সাউদি। ডোগ ব্রেসওয়েল নেন ২টি উইকেট।
দুই ইনিংসে ব্যাট হাতে দলের জয়ে বড় অবদান রাখায় ম্যাচসেরা হয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক রস টেলর। দুই টেস্ট মিলে ২০ উইকেট নেয়া লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ হয়েছেন সিরিজ সেরা।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ২৯ নভেম্বর ২০১২
এফএইচএম/সম্পাদনা: আহসান হাবিব সম্রাট, স্টাফ করেসপন্ডেন্ট-eic@banglanews24.com