খুলনা: পঞ্চম আদমশুমারি অনুযায়ী খুলনা জেলার লোকসংখ্যা ২৩ লাখ ১৮ হাজার ৫২৭ জন। এর মধ্যে পুরুষ ১১ লাখ ৭৫ হাজার ৬৮৬ এবং নারীর সংখ্যা ১১ লাখ ৪২ হাজার ৮৪১ জন।
খুলনার জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন সোমবার দুপুরে তার সম্মেলন কক্ষে খুলনা জেলার জনসংখ্যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
২০১১ সালের আদমশুমারির জেলাওয়ারী প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ‘আদমশুমারি ও গৃহগণনা ২০১২’র চূড়ান্ত ফলাফল প্রকাশনা’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ও তথ্যব্যবস্থাপনা বিভাগ এবং জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
২০১১ সালে অনুষ্ঠিত পঞ্চম আদমশুমারি অনুযায়ী দেখা যায়, গত ১০ বছরে খুলনা জেলায় ৬০ হাজারের অধিক লোকসংখ্যা কমেছে। ২০১১ সালে খুলনা জেলার লোকসংখ্যা ছিল ২৩ লাখ ৭৮ হাজার ৯৭১ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৪৪ হাজার এবং নারী ছিল ১১ লাখ ৩৪ হাজার।
পঞ্চম আদমশুমারি প্রতিবেদন থেকে জানা যায়, খুলনা জেলায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস দশমিক দুইপাঁচ।
২০০১ সালে যা ছিল ১ দশমিক ৭। জেলায় পরিবারের (খানা) সংখ্যা পাঁচ লাখ ৪৭ হাজার ৩৪৭টি এবং প্রতি পরিবারে গড়ে চারজন করে সদস্য রয়েছে। জেলায় শিক্ষার হার ৬০ শতাংশের অধিক। পাঁচ হতে ২৪ বছর বয়সীদের স্কুলে যাওয়ার হার ৫৮ শতাংশের অধিক।
ফলাফল প্রকাশনা অনুষ্ঠানে স্বাগত জানান, আঞ্চলিক পরিসংখ্যান কর্মকর্তা মিজানুর রহমান হাওলাদার। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর