আমাদের মিডিয়ার এই সময়ের আলোচিত জুটি নিরব-সারিকা। এখানে-সেখানে এবং মিডিয়ার বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেলেও দীর্ঘদিন তাদের জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাচ্ছে না। অনেকদিন পর নিরব ও সারিকা পাশাপাশি অভিনয় করেছেন ‘তোমাকে’ নামের একটি একক নাটকে।
আনিসুল হকের রচিত ও পার্থ সরকার পরিচালিত ‘তোমাকে’ নাটকে নিরব ও সারিকাকে দেখা যাবে প্রেমিক-প্রেমিকার চরিত্রে। রোমান্টিক গল্প নিয়ে নির্মিত এ নাটকে দেখা যাবে নিরব আর সারিকা ভালোবাসে একে অন্যেকে। কিন্তু ভালোবাসার কথা তাদের কেউ কাউকে মুখ ফুটে বলতে পারে না। শেষপর্যন্ত নিরব সিদ্ধান্ত নেয়, যে করেই হোক সারিকাকে ভালোবাসার কথা বলতেই হবে। কদিন পরেই আসছে সারিকার জন্মদিন। নিরব পরিকল্পনা করে, একেবারেই অন্যভাবে সারিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সে তাক লাগিয়ে দেবে। সেই দিনই জানাব, ভালোবাসি। কিন্তু সফল হয় না নিরবের ভাবনা। ঘটনা নাটকীয়ভাবে মোড় নেয় অন্য দিকে।
নাটকটির নির্মাতা পার্থ সরকার বাংলানিউজকে জানিয়েছেন, এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়ে গেছে। রোমান্টিক জুটি হিসেবে এতে নিরব-সারিকা দারুণ অভিনয় করেছেন। বর্তমানে এটি আছে সম্পাদনার টেবিলে। আগামী রোজার ঈদে প্রচারের নাটকটি নির্মাণ করা হচ্ছে। এতে আরো অভিনয় করেছেন সুমন পাটওয়ারী, নূপুর, ফারুক, এবং অনেকে।
অনেকদিন পর সারিকার সঙ্গে পাশাপাশি অভিনয় করা প্রসঙ্গে নিরব বললেন, আসলে আমি এ মুহূর্তে চলচ্চিত্র আর বিজ্ঞাপনের কাজ নিয়েই আছি। টিভিনাটকে অনেকদিন ধরে অভিনয় করছি না। ‘তোমাকে’ নাটকটির গল্প আমার চমৎকার লাগায়, এতে অভিনয়ে আগ্রহী হই। সারিকা আর আমি বেশ কিছু বিজ্ঞাপন একসঙ্গে করলেও এর আগে আমরা শুধু একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছিলাম। ঐ নাটকটিতে একটি মাত্র দৃশ্যে আমাদের পাশাপাশি দেখা গিয়েছিল। এবার আমরা পাশাপাশি থাকছি পুরো নাটক জুড়েই। সত্যি বলতে কী, সারিকার সঙ্গে কাজ করার ইচ্ছে থেকেই আমি এ নাটকে কাজ করতে রাজি হই।
‘তোমাকে’ নাটকে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, নিরব একজন ভালো অভিনেতা। চলচ্চিত্রের ক্যারিয়ার নিয়ে বেশি ব্যস্ত বলে টিভিনাটকে তাকে অনেকদিন হলো দেখা যায় না। আমার বিপরীতে অভিনয়ের মধ্য দিয়েই নিরব টিভি নাটকের অভিনয়ে ফিরলেন। আশা করি এ নাটকটি দর্শকদের ভালো লাগবে।
বাংলাদেশ সময় ০০৩৫, মে ৩১, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।