রাজশাহী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দলীয় সরকারের অধীনে পাতানো কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। এ দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে।
বুধবার সন্ধ্যায় মহানগরীর এক কমিউনিটি সেন্টারে ১৮ দলীয় ঐক্যজোটের রাজশাহী মহানগরীর প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, “সরকারের ছত্রছায়ায় কৌশলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। পুঁজিবাজার ভেঙ্গে পড়েছে। দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইয়ে চলে গেছে। কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। নতজানু পররাষ্ট্রনীতি কারণে সীমান্তে বিএসএফ পাখির মতো গুলি করে বাংলাদেশি নাগরিকদের হত্যা করলেও সরকার উদ্বিগ্ন নয়।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি বলেন, “দেশে বর্তমানে চরম রাজনৈতিক সঙ্কট বিরাজ করছে। রাজনীতির নামে আজ লুটেরারা দেশ পরিচালনা করছে। গণতন্ত্র পরিণত হয়েছে স্বৈরতন্ত্রে। সংবিধান থেকে কৌশলে মুছে ফেলা হয়েছে গণতন্ত্রের ভাষা। জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের কোনো কথা বলার কোনো সুযোগ দেওয়া হয় না।”
তিনি বলেন, “এই সঙ্কট থেকে দেশ ও দেশের জনগণকে রক্ষা করতে ১৮ দলীয় ঐক্যজোট করা হয়েছে। ফলে আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই এ সরকারের পতন ঘটিয়ে সর্বগ্রাসী দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।”
প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু।
আরও বক্তব্য রাখেন- জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মুসলিম লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ, এনডিপি’র প্রেসিডিয়াম সদস্য সওকত হোসেন বাদল, ইসলামী ঐক্যজোটের বিভাগীয় সম্পাদক আব্দুস সামাদ, জামায়াতের রাজশাহী মহানগর আমীর আতাউর রহমান, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
সুমন/ জেডএম