ওহিও: সিনসিনাটি মাস্টার্সে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন চীনের লি না। ফাইনালে তিনি হারান জার্মানির আনগেলিকু কারবারকে।
প্রথম সেটে লিকে সহজেই হারান কারবার। জেতেন ৬-১ গেমে। শুরুতে হোঁচট খাওয়ার পর দারুণভাবে ম্যাচে ফেরেন লি। এরপর তার বিপক্ষে দাঁড়াতেই পারেননি কারবার। দ্বিতীয় সেটে জার্মানির তারকাকে হারান ৬-৩ গেমে। শেষ সেটে ৬-১ গেমে জিতে প্রতিযোগিতার শিরোপা ঘুরে তুলেন লি।
মাত্র ছয়দিন আগে মন্ট্রিল কাপের ফাইনালে পেত্রা কভিতোভার কাছে হেরেছেন লি। তবে সিনাসিনাটিতে তার প্রভাব পড়েনি। কারবারকে হারিয়ে ক্যারিয়ারে ডব্লউটিএ’র ষষ্ঠ শিরোপা জেতেন চাইনিজ তারকা। আর গত বছর ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম টাইটেল জিতলেন ৩০ বছর বয়সী লি।
জয়ের পর আর্জেন্টাইন কোচ কার্লোস রদ্রিগেজের প্রশংসা করেছেন লি। বলেন, ‘ধন্যবাদ কার্লোস। আমার মনে হয়, আমরা ভালোভাবে আমাদের কাজ শুরু করেছি। ম্যাচের আগে কোচের সঙ্গে কথা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। তার সঙ্গে কাজ করে স্বচ্ছন্দ ও স্বস্তি বোধ করছি আমি।’
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
সিজি