 |
ঢাকা: অভিনেতা থেকে রাজনৈতিক নেতায় পরিণত হওয়া চিরঞ্জিত চক্রবর্তী ইভ টিজিং থেকে নিরাপদ থাকতে নারীদের পোশাক-আশাকে শালীনতা বজায় রাখার পরামর্শ দিলেন। নারীদের উগ্র ও উত্তেজক পোশাক পরিধানও ইভ টিজিং বৃদ্ধির জন্য অনেকাংশে দায়ী বলে এ সময় উল্লেখ করেন, তৃণমূলের টিকিটে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়া টালিউডের শক্তিমান ও জনপ্রিয় এ অভিনেতা।
শনিবার সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি আরও বলেন, ‘ইভ টিজিং নতুন কোনো ঘটনা নয়। বছরের পর বছর ধরেই এগুলো চলছে। ইভ টিজিং বৃদ্ধির জন্য নারীদের শর্ট স্কার্ট ধরণের উত্তেজক পোশাক পরিধানও অনেকাংশে দায়ী।
এগুলো কম বয়সী তরুণদের প্রলুদ্ধ করে।’
পশ্চিমবঙ্গের বারাসাতের একটি থানায় সাংবাদিকদের মুখোমুখি হন চিরঞ্জিত। একটি ইভ টিজিংয়ের ঘটনার তদন্তের খোঁজ খবর নেওয়ার জন্য শনিবার সকালে সেখানে যান তিনি।
তিনি বলেন, ‘ এ ধরণের কর্মকাণ্ড সমাজ থেকে দূর করা উচিৎ। একই সঙ্গে নারীদেরও পোশাক পরিধানের ক্ষেত্রে সংযত হওয়া উচিৎ।’
এ সময় রামায়নের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সবাই জানি ইভ টিজিং ভালো নয়। আমরা এর নিন্দাও জানাই, কিন্তু আমাদের বোঝা উচিৎ রাবনের উপস্থিতি বিহীন কোনো রামায়ন নেই। ইভ টিজিংয়ের যে কোনো ঘটনা নিন্দনীয় এবং ঘটনার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করা উচিৎ।’
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর