ঢাকা: পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে সোমবার ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেছেন কিছু বিনিয়োগকারী। রোববারের নিম্নমুখী প্রবণতার পর সোমবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)উত্থান-পতন প্রবণতায় লেনদেন চলছে।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা এ বিক্ষোভে অংশগ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুঁজিবাজারের ধারাবাহিক দরপতনের প্রতিবাদে বেলা দেড়টার দিকে কিছু ক্ষুব্ধ বিনিয়োগকারী ডিএসই’র সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’র (এসইসি) চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
একই সঙ্গে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনারও দাবি জানান বিনিয়োগকারীরা। এ ছাড়া বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত, অতিরিক্ত প্রিমিয়ামসহ অনুমোদন দেওয়া কোম্পানির আইপিও বাতিলসহ বিভিন্ন দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com