ব্রিটেনে অনুমোদন পেল বাংলাদেশি ২ ব্যারিস্টার প্রণীত প্রফেশনাল কোর্স
আন্তর্জাতিক ডেস্ক
বার এট ল কোর্স সম্পন্ন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রফেশনাল প্রশিক্ষণ কোর্স প্রণয়ন করেছেন দুই বাংলাদেশি তরুণ ব্যারিস্টার।
তাদের প্রণীত প্রশিক্ষণ কোর্সটি ইতিমধ্যেই ব্রিটেনের তিনটি নামকরা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো কারডিফ বিশ্ববিদ্যালয়, নর্দামব্রিয়া বিশ্ববিদ্যালয় এবং ব্রিস্টল বিশ্ববিদ্যালয়।
প্রি ট্রেনিং প্রোগ্রাম বা পিটিপি হিসেবে অভিহিত কোর্সটি বার প্রফেশনাল ট্রেনিং কোর্সের (বিপিটিসি) শিক্ষার্থীদের জন্য প্রণয়ন করা হয়েছে।
সম্প্রতি কোর্সটি বাংলাদেশে চালু করা হয়েছে। লন্ডন কলেজ অব লিগাল স্টাডিজের (এলসিএলএস) ধানমন্ডি ক্যাম্পাসে এর পাঠদান শুরু হয়েছে।
ইতিমধ্যেই কোর্সটি যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। এ প্রসঙ্গে নর্দাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ের বার প্রোগ্রামের ভারপ্রাপ্ত পরিচালক ব্যারিস্টার কেভিন ক্রাউলি বলেন, বার এট ল ডিগ্রি প্রত্যাশী ছাত্রদের প্রস্তুতি নেওয়ার জন্য পিটিপি একটি বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বিপিটিসি সম্পন্ন করার জন্য এ কোর্সটি শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
ব্যারিস্টার এম ইশতিয়াক হাসান ও ব্যারিস্টার রেজওয়ানুল হক মজুমদার যৌথভাবে কোর্সটির পরিকল্পনা করেন। কোর্সটির প্রসঙ্গে ব্যারিস্টার ইশতিয়াক বলেন, যুক্তরাজ্যে বার এট ল প্রোগ্রামকে ২০১০ সালে নতুন করে বিন্যস্ত করা হয়। এর আগে এটি ছিলো যুক্তরাজ্যের বার ভোকেশনাল কোর্সের অংশ। এখন এটি বার প্রফেশনাল ট্রেনিং কোর্স বা বিপিটিসি কোর্স হিসেবে অভিহিত হচ্ছে।
বর্তমানে শিক্ষার্থীদের জন্য এই কোর্সের অধীনে বার এট ল পাশ করা অনেক কঠিন। তবে পিটিপি কোর্স তাদের বিপিটিসি কোর্সের ব্যাপারে প্রস্তুতি নিতে ব্যাপকভাবে সহযোগিতা করবে বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে পিটিপি কোর্সের মূল পরিকল্পনাকারী ব্যারিস্টার রেজোয়ানুল হক মজুমদার বলেন, যুক্তরাজ্যের বাইরে দশদিনের কোর্সটি বাংলাদেশেই প্রথম পরিচিত হচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরা ইতিমধ্যেই কোর্সটির ব্যাপারে ব্যাপক আগ্রহ প্রকাশ করছে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ১২, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর
ahsan@banglanews24.com
12 Jul 2012 10:32:34 PM Thursday