| |||||||||||||
সপ্তাহের আইনমানবাধিকার ডেস্ক ১৭ মার্চ ২০১২- রায় কার্যকর হয়ে গেছে এরই মধ্যে। তবুও সে রায়ের গুরুত্ব কমেনি তেমন। দেশের রাজনীতি তথা ভবিষ্যত অনেকাংশে নির্ভর করছে এ রায়ের ওপর। উন্মুক্ত আদালতে ত্রয়োদশ সংশোধনী (তত্ত্বাবধায়ক সরকার) বাতিল করে রায় ঘোষণার পর ১০ মাস পার হলেও এখনো পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, রায় ঘোষণাকারী তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে রায় লেখা শেষ করবেন। এরপর আপিল বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চের অন্য বিচারপতিরা এ রায়ের বিষয়ে তাদের মতামত দিলে তা প্রকাশিত হবে। প্রসঙ্গত, ত্রয়োদশ সংশোধনী বাতিল করে ২০১১ সালের ১০ মে সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হয়। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ১৮ মার্চ ২০১২- সরকারি চাকরিতে অবসরের বয়স দুই বছর বাড়ানো সত্ত্বেও অবসরোত্তর ছুটিতে (এলপিআর) থাকা কর্মচারীদের পুনঃযোগদানের সুযোগ না দেয়াটা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন। আদালত একইসঙ্গে অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীদের কেন পুনঃযোগদানের সুযোগ প্রদানের নির্দেশ দেয়া হবে না তার কারণও জানতে চেয়েছেন । বাংলানিউজটোয়েন্টিফোর.কম ১৯ মার্চ ২০১২- আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ওপর ইভিএম চাপিয়ে দিতে চায় না নির্বাচন কমিশন (ইসি)। কেবল সবাই চাইলেই জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহৃত হবে। তবে ইসি’র এক কর্মকর্তা বলেছেন, ‘রাজনৈতিক ঐক্য হলেও আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করার মতো সক্ষমতা নেই ইসি’র।’ এজন্য প্রয়োজনীয় মেশিন তৈরি করার মতো সময়ও এখন নেই বলে জানান তিনি। এদিকে ‘নির্বাচন কমিশন (ইসি) ও রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত হলে আধুনিক প্রযুক্তিনির্ভর ইলেকট্রনিক্স ভোটিং মেশিন ‘ইভিএম’ ব্যবহারের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জবরদস্তি কিংবা চাপিয়ে দিয়ে কোনো কিছু করার পক্ষে নেই কমিশন’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। তিনি দাবি করেন, ‘রাজনৈতিক ঐক্যমত হলে এখনও ইভিএমে নির্বাচন করার মতো সময় আছে।’ বাংলানিউজটোয়েন্টিফোর.কম ২০ মার্চ ২০১২- বুধবার থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দু’ দিনব্যাপী নির্বাচন শুরু হচ্ছে। নির্বাচনে সরকার ও বিরোধীদলের উভয় প্যানেলের প্রার্থীরা জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। ২১ ও ২২ মার্চ ভোটগ্রহণ করা হবে। দু’ দিনব্যাপী এ নির্বাচনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুপুরে এক ঘণ্টা বিরতিসহ ভোটগ্রহণ চলবে। মোট ৩ হাজার ৮২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে সরকার সমর্থক সাদা প্যানেলের সভাপতি প্রার্থী হয়েছেন সাবেক বিচারপতি মনসুরুল হক চৌধুরী ও বিরোধীদল সমর্থক নীল প্যানেলের প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ২১ মার্চ ২০১২- সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিয়েছে পুলিশ। বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপ-কমিশনার মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী আজ বিকেলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলতাফ হোসেন চৌধুরীর কাছে আমরা প্রতিবেদন জমা দিয়েছি।’ তবে অগ্রগতি প্রতিবেদনে কী উল্লেখ করা হয়েছে তা জানাননি তিনি। এর আগে মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবারের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এর আগে বিকালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানে ট্রাইব্যুনাল অনুমোদন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ৭৩ এর ধারা ৬ এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মজিবর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে। দ্বিতীয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন প্রথম ট্রাইব্যুনালের বিচারক প্যানেলের জ্যেষ্ঠ সদস্য হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এটিএম ফজলে কবীর। তিন সদস্যের ট্রাইব্যুনালের অন্য দুই বিচারক হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এবং বর্তমান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহীনুর ইসলাম। বিচারপতি ফজলে কবীরের স্থলে প্রথম ট্রাইব্যুনালে সদস্য করা হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারপতি আনোয়ারুল হককে। প্রথম ট্রাইব্যুনাল গঠনের দুই বছর পর দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠিত হলো। চলমান যুদ্ধাপরাধের বিচার আরো দ্রুত সম্পন্ন করতে গঠিত হলো দ্বিতীয় ট্রাইব্যুনাল। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ২৩ মার্চ ২০১২- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সম্পাদকসহ আটটি পদে বিজয়ী হয়েছে সরকার সমর্থক আইনজীবী প্যানেল। অন্যদিকে সভাপতি পদসহ বাকি ছয়টি পদে জিতেছে বিএনপি সমর্থকরা। বাংলানিউজটোয়েন্টিফোর.কম 27 Mar 2012 03:40:59 PM Tuesday
|
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com সর্বশেষ ২৪
অন্যান্য গুরুত্বপূর্ণ খবর
|
||||||||||||
| |||||||||||||
| |||||||||||||