বিদেশি দলগুলোকে আমন্ত্রণের পক্ষে না শোয়েব আখতার
ইসলামাবাদ: দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি দলগুলোকে সফরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। এ অবস্থায় উল্টো কথা শোয়েব আখতারের মুখে। দেশের বর্তমান ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বিদেশি দলগুলোকে আমন্ত্রণ না জানানোর জন্য পিসিবিকে আহ্বান জানিয়েছেন সাবেক ক্রিকেটার।
শোয়েব আখতার এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘এখানে আমাদের নাগরিকরা নিরাপদ নয়। দেশে রীতিমতো যুদ্ধ চলছে। এমন পরিস্থিতিতে বিদেশি দলগুলোকে আমন্ত্রণ জানানো খুবই ঝুঁকিপূর্ণ।’ ২০০৯ সালে সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক কোনো ম্যাচের আয়োজক হতে পারেনি পাকিস্তান।
বোর্ডের মতো ‘রাওয়ালপিন্ডি’ খ্যাত সাবেক পেসারও চান দেশে আন্তর্জাতিক ক্রিকেট হোক। কিন্তু ঝুঁকি নিতে আগ্রহী নন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। বলেন, ‘যদি সফরকারী কোনো দলের ওপর আবার হামলা হয়? এজন্য পিসিবির কাছে আমি সুপারিশ করবো, দেশ যেহেতু আন্তর্জাতিক কোনো ইভেন্ট আয়োজনের মতো অবস্থায় নেই বোর্ড যেন বিদেশি দলগুলোকে আমন্ত্রণ না জানায়।’
আইপিএলের আদলে পিসিবি শুরু করতে যাচ্ছে পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিপিএল)। এবিষয়ে সাবেক পেসারের মন্তব্য, ‘৭০ বছর বয়সী ব্যক্তিবর্গ পিপিএলের আয়োজন করতে পারে না। সফল ইভেন্ট আয়োজন করার জন্য বয়স্ক ব্যক্তির পরিবর্তে ভালো কাজ করতে সক্ষম বিদেশ থেকে এমন পরামর্শক আনা উচিৎ পিসিবির। যদি তারা সত্যিকারে পিপিএল আয়োজন করতে চায়।’
আন্তর্জাতিক ক্রিকেটে ফের প্রত্যাবর্তন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে শোয়েব, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিয়েছি। প্রত্যাবর্তনের কোনো ইচ্ছে নেই।’ তবে নিষিদ্ধ পাকিস্তানি বোলার মোহাম্মদ আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা উচিৎ বলে মনে করেন তিনি। তার মতে, অনেক শাস্তি পেয়েছে আমির। এবার ওকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া উচিৎ।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস