ফ্র্যাঞ্চাইজিদের সময় দিল বিসিবি

চট্টগ্রাম: বিপিএল শুরুর আগেই খেলোয়াড়দের চুক্তির ২৫ শতাংশ টাকা বিসিবির হাতে পৌঁছে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিদের। সে টাকা বিসিবি পৌঁছে দিবে ক্রিকেটারদের হাতে। টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহ হয়ে গেলেও বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এখনও বিসিবিকেই টাকা দেয়নি।  

মাত্র দুটো ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং খুলনা রয়েল বেঙ্গলস ৩১ জানুয়ারির ভেতরে তাদের খেলোয়াড়দের সম্মানীর ২৫ শতাংশ দিয়েছে বিসিবিকে। এই দুটি দলের খেলোয়াড়রা হয়তো আগামী সপ্তাহেই প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন।

অবশ্য বরিশাল বার্নার্স জানিয়েছে তাদের ক্রিকেটারদের প্রথম কিস্তির ২৫ ভাগ টাকা দেওয়া হয়ে গেছে। টাকা হাতেও পেয়ে গেছেন ক্রিকেটাররা। এই তিনটি দল ছাড়া বাকি চার দলের সাড়াশব্দ নেই। তারা উল্টো সময় চেয়েছে বিসিবির কাছে। বৃহস্পতিবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসলমাইল হায়দার মল্লিক জানালেন, আগামী মঙ্গলবার পর্যন্ত সময় চেয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। বিসিবি গভর্নিং কাউন্সিল এতে রাজিও হয়েছে।

ফ্র্যাঞ্চাইজিদের দাবির মুখে এ নিয়ে তৃতীয়বারের মতো সময় বাড়ালো বিপিএল গভর্নিং কাউন্সিল। এই সময়ের ভেতরেও যে খেলোয়াড়দের পাওনা দেওয়া হবে সে নিশ্চয়তা কোথায়?

মল্লিক বলছেন এবার না দিলে কঠোর হবেন,‘কেউ যদি এর পরেও টাকা না দেয় তাহলে কঠিন সিদ্ধান্ত না নিয়ে উপায় থাকবে না।’

বিপিএলের এবারের নিয়মে আছে খেলা শুরুর সময় ২৫ শতাংশ, খেলা শেষ হওয়ার আগেই আরও ২৫ শতাংশ খেলোয়াড় সম্মানী দিতে হবে। বাকি ৫০ শতাংশ শোধ করতে হবে ছয় মাসের ভেতরে। অর্থাৎ ১৯ আগস্টের ভেতরে খেলোয়াড়দের সম্মানী পরিশোধ করবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

দেখতে দেখতে অনেকটা সময় গড়িয়ে গেছে, কিন্তু এখনও প্রক্রিয়াই শুরু হয়নি। বাকি টাকা যে নির্ধারিত সময়ের ভেতরে দিতে পারবে সে গ্যারান্টি দিতে পারে না কেউ।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
এসএ/এফএইচএম