দ্বিতীয় টেস্টে দর্শক রামপল
জ্যামাইকা: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না ফাস্ট বোলার রবি রামপল। কুঁচকিতে চোট পাওয়ায় সিরিজ থেকে ছিটকে পড়েছেন তিনি।
এ বছর টেস্টে দলে আসা-যাওয়ার মধ্যে থাকা রবি রামপল স্কোয়াডে অন্তর্ভুক্ত হন ফিদেল এডওয়ার্ডসের পরিবর্তে। তিনি চোট পাওয়ায় ১৩ সদস্যের দলে ফিদেল জায়গা পেলেও চূড়ান্ত একাদশে থাকার জন্য লড়াই করতে হবে তাকে। কারণ নির্বাচকরা প্রথম টেস্টের সদস্য টিনো বেস্টকে পছন্দ করলে বাদ পড়বেন তিনি।
জ্যামাইকার সাবিনা পার্কে বোলিংয়ের রেকর্ড খুবই ভালো ফিদেল এডওয়ার্ডসের। যেখানে বৃহস্পতিবার শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই স্টেডিয়ামে টেস্ট ক্যারিয়ারে ২৫ উইকেট নিয়েছেন তিনি। যার গড় ২২.২৮।
সফরকারীদের বিপক্ষে প্রথম টেস্ট জেতায় সিরিজে ১-০ তে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। চোট আক্রান্ত রামপল প্রথম টেস্টের দুই ইনিংস মিলে শিকার করেন চারটি উইকেট। ১৯৯৬ সালের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেনি ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘদিন পর সিরিজ জয়ের সুবাস পাচ্ছে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড, আদ্রিয়ান বারাথ, আসাদ ফুদাদিন, শিবনারায়ন চন্দরপল, মারলন স্যামুয়েলস, নরসিং দেওনারিন, দিনেশ রামদিন, টিনো বেস্ট, ফিদেল এডওয়ার্ডস, কেমার রোচ ও সুনীল নারিন।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস