টিকিট ছাড়া দর্শকে ভরপুর স্টেডিয়াম!

চট্টগ্রাম: স্রোতের মতো দর্শক, উদ্দেশ্য এমএ আজিজ স্টেডিয়াম। বেশিরভাগ দর্শকের হাতে কোনো টিকিট নেই। স্টেডিয়ামে এসেই পেয়ে যাচ্ছে কাক্সিক্ষত টিকিট। ৫০ টাকা, ১০০ টাকা হাতে থাকলেই খেলা দেখার সুযোগ মিলছে। হাতবদলও হচ্ছে টিকিটগুলো। প্রবেশদ্বার থেকে টিকিটগুলো সংগ্রহ করছে একটি চক্র। সেগুলোই পরে বিক্রি হয়।

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে দর্শক উপচে পড়ার রহস্যও এখানে। এভাবে লোক ঢোকানোর ফলে তিল ঠাই নেই গ্যালারিতে। এমএ আজিজের দর্শক ধারণক্ষমতা ২৮ হাজারের মতো। কিন্তু সেখানে প্রায় ৪০ হাজার দর্শক ঢুকেছে। বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে খেলা দেখে দর্শকদের একটি বিশাল অংশ। যে দেয়াল মাঠ এবং গ্যালারির মধ্যে ব্যবধান তুলেছে তার লোহার গ্রিল ধরে দাঁড়িয়ে ছিল হাজার হাজার দর্শক।

তখনও টিকিটধারী দর্শকরদের দেখা গেছে স্টেডিয়াম গেটে। এই অব্যবস্থাপনার প্রত্যক্ষ সাক্ষী স্থানীয় আয়োজক কমিটির কর্মকর্তারাও। সবকিছু দেখেও তারা কিছু বলছেন না। এত বিশৃঙ্খলা দেখার পর মুখ না খুলে পারেননি সিজেকেএস’র এজিএস শাহাবুদ্দিন শামিম,‘স্টেডিয়ামে ধারণক্ষমতার চেয়েও অনেক বেশি দর্শক ঢুকেছে। ধরেন ২২ হাজারের মতো টিকিট বিক্রি হয়েছে। বাকি দর্শক টিকিট পেল কোথায়? গেটের দায়িত্বে থাকা পুলিশ এবং অন্যান্যদের সহায়তায় লোক ঢুকছে।’

অতিরিক্ত লোক হওয়ায় গ্যালারি সামলানো যাচ্ছিলো না। দর্শকদের ভেতরে মারামারিও লেগেছে কয়েকবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজনকে স্টেডিয়াম থেকে বের করে দেয় পুলিশ। নিরাপত্তার কথা ভেবে অনেক নারী দর্শক গ্যালারি ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৩
এসএ/এফএইচএম