নাদির শাহর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার!
ঢাকা: আম্পায়ার নাদির শাহকে সর্বোচ্চ শাস্তি দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তা একপ্রকার নিশ্চিতই হয়ে আছে। ১০ বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হতে পারেন আন্তর্জাতিক এই আম্পায়ার। বোর্ডের এমন সিদ্ধান্তকে আইসিসিও সমর্থন করেছে।
আইসিসির সমর্থন থাকায় বোর্ড বাকি প্রক্রিয়াগুলো সম্পন্ন করার চেষ্টা করছে। সোমবার নাদির শাহ’র ইস্যুর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বাংলানিউজকে জানান, বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। এরপর সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে আনা হবে বলে জানান তিনি।
ইন্ডিয়ান টিভির সাংবাদিকের গোপন ক্যামেরায় ধরা পড়ে বাংলাদেশি আম্পায়ার নাদির শাহ অর্থের বিনিময়ে যে কোন পর্যায়ে ফিক্সিংয়ে অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন। ২০১২ সালের ৮ অক্টোবর ইন্ডিয়ান টিভি এই খবর ফলাও করে প্রচার করে। এরপরই আইসিসি বাংলাদেশসহ পাকিস্তান এবং শ্রীলঙ্কার ছয় আম্পায়ারকে সাময়িক নিষিদ্ধ করে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
এসএ/এএইচবি