শততম টেস্টে অধিনায়ক স্মিথের বড় জয়

জোহানেসবার্গ: পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক হিসেবে গ্রায়েম স্মিথ শততম টেস্ট খেলার রেকর্ড গড়লেন জোহানেসবার্গে। রেকর্ড গড়া এ ম্যাচে বড় ব্যবধানে জিতেই শেষ করল তার দল। একদিন হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে ২১১ রানের জয় পেল দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস- ২৫৩, দ্বিতীয় ইনিংস- ২৭৫/৩ ডিক্লে.
পাকিস্তান: প্রথম ইনিংস- ৪৯, দ্বিতীয় ইনিংস- ২৬৮
ফল: দক্ষিণ আফ্রিকা ২১১ রানে জয়ী।

শততম টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত রানের খাতায় ২৪ রান করা স্মিথ পরের ইনিংসে দেখা পেলেন ৩৭তম টেস্ট অর্ধশতকের। ৫২ রানে উমর গুলের শিকার তিনি। প্রথম ইনিংসে ২৫৩ রানের পর প্রোটিয়া পেসাররা সফরকারীদের গুটিয়ে দিয়েছিল মাত্র ৪৯ রানে। দ্বিতীয় ইনিংসে স্মিথের অর্ধশতকের পর এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত ১০৩ ও হাশিম আমলার অপরাজিত ৭৪ রানে পাকিস্তানকে ৪৮০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়।

ডেল স্টেইনের অগ্নিমূর্তি দ্বিতীয় ইনিংসে পুনরাবৃত্তি হলেও প্রথম ইনিংসের মতো অঘটন ঘটেনি পাকিস্তানের ব্যাটিং লাইনে। প্রতিরোধ গড়েছিলেন অধিনায়ক মিসবাহ উল হক, ও আসাদ শফিক। দুজনেই অর্ধশতকের দেখা পেয়েছেন। ১৬৭ বলে  সর্বোচ্চ ৬৪ রানের ধীরস্থির ইনিংস খেলেন সফরকারী অধিনায়ক। এক বল বেশি খেলে ৫৬ রানে সাজঘরে ফেরেন শফিক। দুজনের উইকেটটিই নেন স্টেইন।

সফরকারীদের হারের ব্যবধান কমাতে সহায়ক হয়েছে নাসির জামশেদের ৪৬, উমর গুলের ২৩, আজহার আলীর ১৮ ও ইউনুস খানের ১৫ রানের ইনিংস।

প্রথম ইনিংসে ৬ উইকেট দখল করা স্টেইনের কাছে শেষ ইনিংসে একটি কম উইকেট বিলিয়েছে সফরকারীরা। ২৮.৪ ওভারে ৫২ রানে সর্বোচ্চ ৫ উইকেট নেন প্রোটিয়া এ পেসার। এছাড়া ভারনন ফিল্যান্ডার ও মরনে মরকেল নেন দুটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ৪ ফেব্রুয়ারি ২০১৩
এফএইচএম